বাংলাদেশের হয়ে ব্যাট ধরলেন কোহলি

virat-kohliবাংলাদেশের পক্ষে কথা বললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বাংলাদেশের আরও বেশি টেস্ট খেলা উচিত। এজন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতীয় অধিনায়ক।

বাংলাদেশ এমনিতেই টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ কম পাচ্ছে। তার মধ্যে বিদেশের মাটিতে সংখ্যাটা আরও কম। প্রায় আড়াই বছর পর নিউজিল্যান্ডে গিয়ে দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ওই সফরে ফলাফল নিজেদের পক্ষে না আনতে পারলেও ভালো ক্রিকেট খেলে সুনাম কুড়িয়েছে তারা।

টেস্ট কম খেলার কারণে টেস্টে নিজেদের উন্নতিটা ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশের। খুব স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে ভারত। টেস্ট র‌্যাংকিংই তার প্রমাণ। বতর্মান র‌্যাংকিংয়ে এক নম্বর দলের বিপক্ষে বৃহস্পতিবার ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হবে মুশফিকরা।

লড়াই শুরু হওয়ার আগের দিন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পাশে পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে কথা বলেছেন তিনি। তার মতে, বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত। টেস্টে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আর এ কারণেই এই সংস্করণে পিছিয়ে বাংলাদেশ।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেছেন, ‘আমার ধারণা ওরা (বাংলাদেশ) বেশ দক্ষ, কিন্তু খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে না। আর এই কারণেই টেস্ট ক্রিকেটে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতে তারা ভালো দল হয়ে উঠেছে, কারণ বড় বড় দলগুলোর বিপক্ষে প্রচুর ওয়ানডে খেলেছে। যা তাদেরকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। প্রচুর খেলার কারণেই ওরা জানে কিভাবে প্রতিপক্ষকে হারাতে হয়। এই কারণেই ওয়ানডেতে বাংলাদেশ সব দলকেই হারাতে পেরেছে। প্রচুর টেস্ট খেলার সুযোগ না পাওয়া গেলে মানসিকতা পরিবর্তন করা সম্ভব নয়।’

কোহলি বিশ্বাস করেন বাংলাদেশ নিয়মিত টেস্ট খেললে ওয়ানডের মতোই শক্তিশালী দল হয়ে উঠবে। তার বক্তব্য, ‘আমি নিশ্চিত করেই বলতে পারি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আরও বেশি খেলার সুযোগ পেলে তারা অবশ্যই ভালো দল হয়ে উঠবে। টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে যথেষ্ট স্কিল তাদের রয়েছে। শুধুমাত্র যত বেশি টেস্ট খেলার সুযোগ পাবে, ততই তারা ভালো হতে থাকবে।’

/আরআই/কেআর/