বাংলাদেশের বিপক্ষে আরও বেশি সিরিজ চান কোহলি

258867.3বিরাট কোহলি- বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটসম্যান। ব্যাটিংয়ে সব সময়ই আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। চলা ফেরাতেও তাই। বুধবার দুপুরে যখন সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন চোখ-মুখে স্পষ্ট ফুটে উঠছিল ‘আত্মবিশ্বাসী মনোভাব’। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন। সেখানে ফুটে উঠলো বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট নিয়ে তার ভাবনাগুলো। অবশ্য সেখানেই থেমে থাকেননি। বাংলাদেশের প্রশংসা করে বলেছেন- ‘বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত। ’ শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে চান তিনি।
২০০০ সালে টেস্ট প্রাপ্তির পর বাংলাদেশ এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে-খবরটা যখনই জেনেছেন বিস্ময় প্রকাশ করেছেন বিরাট কোহলি। অবাক চোখে তিনি বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশের আরও বেশি ভারতে ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত।’
টেস্ট প্রাপ্তির ১৬ বছর হলেও বাংলাদেশ এখনো শততম টেস্ট পূরণ করতে পারেনি। অন্য টেস্ট খেলুড়ে দেশগুলো যেখানে ৫ দিনের ম্যাচ প্রতিনিয়ত খেলেই চলছে। সেখানে প্রতি বছর প্রচুর ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকলেও টেস্ট ম্যাচ তেমন একটা পায় না বাংলাদেশি ক্রিকেটাররা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশের এই অপ্রাপ্তিটুকু হৃদয় দিয়েই অনুভব করলেন, ‘আমি আশা করব এমন সিরিজ আরও বেশি হোক। ওরা ভারতে যাতে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পায়। আমরা অনেকবার ওদের দেশে গিয়েছি। ওদেরও এখানে আরও বেশি আসার সুযোগ পাওয়া উচিত। এখানে খেলাটা ওদের জন্যও দারুণ ব্যাপার হবে। কারণ, ক্রিকেটের জন্য ভারত অসাধারণ জায়গা। আমি নিশ্চিত ওরা উপভোগ করবে।’
ভারত সফরে আসার আগে বাংলাদেশের অধিনায়ক একমাত্র টেস্টটিকে ঐতিহাসিক বলতে নারাজ ছিলেন। কোহলি অবশ্য তার দৃষ্টিকোণ থেকে এটাকে ঐতিহ্যাসিক টেস্ট হিসেবেই দেখছেন, ‘কিছুদিন আগেই মাত্র জানতে পেরেছি ওরা (বাংলাদেশ) ভারতে খুব বেশি আসতে পারেনি। আমরা তাদের ওখানে বেশ কয়েকবার গিয়েছি। সেদিক থেকে অবশ্যই এটি ঐতিহাসিক টেস্ট। শুধু দুই দলের জন্যই নয়, দুই দেশের জন্যও। ঘটনাক্রমে আমি অধিনায়ক হিসেবে এই টেস্ট পাচ্ছি। আমার মতে এই দিনটি অবশ্যই স্পেশাল হতে যাচ্ছে।’
ঘরের মাঠে এই মৌসুমে ভারত ১৩টি টেস্ট খেলবে। ৮টি টেস্ট এরই মধ্যে হয়ে গেছে। আরও ৫টি বাকি (বাংলাদেশের বিপক্ষে ১টি ও অস্ট্রেলিয়ার সঙ্গে ৪টি)। কোহলি জানান, সেরা একাদশের বাইরেও তাদের ভালো খেলোয়াড় রয়েছে। যারা ইংল্যান্ডের বিপক্ষে সেটা প্রমাণ করেছে (সামি ও রোহিত ছিলেন না)। এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘সেরা একাদশের বাইরের খেলোয়াড়ও আপনাকে সাহস যোগাবে। তারা ভালো করলে আর কোনও চাপ থাকে না।’ পার্থিব প্যাটেল, করুন নায়ার ও জয়ন্ত যাদব ভারতকে ভালোই ব্যাকআপ দিয়েছেন গত সিরিজে। সীমিত ওভারে ভালো করেছেন কেদার যাদব, হার্ডিক পান্ডে ও যুবেন্দ্র চাহাল।
এদিকে করুন নায়ারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে ভারত। চেন্নাইয়ে নায়ার ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের ইনিংস খেলেছিলেন। অজিঙ্কা রাহানে ফিট হওয়ার কারণে নায়ার বাদ পড়ছেন। কোহলি বলেন, ‘নায়ার ভালো ব্যাটসম্যান। তবে রাহানে গত ২ বছর পরিশ্রম করেছেন এবং ভালো খেলেছেন।’ কোহলি আরও যোগ করেন, ‘একটি ম্যাচ (নায়ারের ট্রিপল সেঞ্চুরি) কখনই ২ বছরের পরিশ্রমে ছায়া ফেলে না।’

/আরআই/এফআইআর/