সব মিলিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে নির্দিষ্ট এক ঘরোয়া মৌসুমে ১০০০ টেস্ট রানের মাইলফক ছুঁলেন কোহলি। তার আগে কীর্তিটা ছিল সুনীল গাভাস্কার ও বীরেন্দর শেবাগের। হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তাদের সঙ্গী হলেন ভারতীয় এই অধিনায়ক। প্রথম দিন শেষে কোহলি অপরাজিত আছেন ১১১ রানে। সেঞ্চুরি করার পথেই তিনি ঢুকে পড়েন ১০০০ রানের ক্লাবে। চলতি ঘরোয়া মৌসুমে এই ব্যাটসম্যানের রান এখন ১,০৭৫। ৯ টেস্টে তার রান তোলার গড় ৮৯.৫৮। ব্যাটে রীতিমত বসন্ত চলা কোহলি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকলেও যেভাবে এগোচ্ছেন, তাতে বাংলাদেশের বিপক্ষেই ছাড়িয়ে যেতে পারেন শেবাগকে। তার সামনে থাকা শেবাগ ২০০৪-০৫ মৌসুমে করেছিলেন ১,১০৫ রান। আর ছাড়িয়ে আসা গাভাস্কার ১৯৭৮-৭৯ মৌসুমে করেছিলেন ১,০২৭ রান।
টেস্টে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ব্যাট হাতে অন্য কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ চেন্নাই টেস্টটা (আউট হয়েছিলেন ১৫ রানে) ভালো না গেলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ফিরলেন চেনা ছন্দে। সফরকারীদের বিপক্ষে তুলে নিয়েছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিও। পিটিআই
/কেআর/