ভারতের ৬ উইকেটে ৬৮৭ রানের প্রথম ইনিংস ঘোষণার পর চাপে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ ওভার খেলে ৪১ রানের বিনিময়ে ১ উইকেট হারিয়ে সেই চাপটা আরও বেড়ে গেছে। ঘুরে দাঁড়াতে হলে টপ অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে বেশ কয়েকটা ভালো ইনিংসের দরকার। এজন্য তামিম ইকবাল ও মুমিনুল হকের দিকে তাকিয়ে ছিল সফরকারীরা। তাদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা নিয়েই হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শুরু হয়েছিল। কিন্তু দলে তিন রান যোগ হতেই প্রথম উইকেটের পতন হলো।
দিনের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে স্কয়ার লেগে ফ্লিক করেছিলেন মুমিনুল। একটি রানই যথেষ্ট ছিল। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান নিতে গেলেন ২ রান। দ্বিতীয় রান নিতে গিয়ে ক্রিজের মাঝে গিয়ে একটু দ্বিধায় পড়লেন দুজনই। ততক্ষণে উমেশ যাদবের থ্রো থেকে বল হাতে নিয়ে স্ট্যাম্প ভাঙেন ভুবনেশ্বর। নন-স্ট্রাইকিং প্রান্তে আউট হন তামিম। ৫৩ বলে থামে তার ২৫ রানের ইনিংস। ২৪ রানে দিন শুরু করেছিলেন বাংলাদেশি ওপেনার। মুমিনুল ৮ রানে অপরাজিত খেলছেন। অপর প্রান্তে নেমে ৪ রান করেছেন মাহমুদউল্লাহ। শুক্রবার সৌম্য সরকার ১৫ রানের ইনিংস খেলে আউট হন।
তার আগে দ্বিতীয় দিন বিরাট কোহলির ২০৪ ও ঋদ্ধিমান সাহার ১০৬ রানের সঙ্গে রবিন্দ্র জাদেজার (৬০) হাফসেঞ্চুরিতে বিশাল স্কোর করে ভারত।
*হায়দরাবাদে তৃতীয় দিনের খেলা শুরু
/আরআই/এফএইচএম/