মুস্তাফিজের খেলার সিদ্ধান্ত নেবেন মুস্তাফিজই

মুস্তাফিজুর রহমানবাংলাদেশ দলের অন্যতম বোলিং স্তম্ভ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সোমবারের ম্যাচে খেলবেন কীনা তা এখনও দলের কাছে বড় প্রশ্ন। এ প্রশ্ন সাংবাদিকদের, ক্রিকেটপ্রেমী দেশবাসীর। রবিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছেও প্রশ্নটি রাখা হয়েছিল।

কোচ বললেন মুস্তাফিজের খেলার ব্যাপারে ফিজিও সবুজ সংকেত দিয়েছেন। তিনি যোগ করেন, ‘সে এখানে প্রতিদিনই উন্নতি করছে।’ তবে কোচ এমন কথা বলেননি যে মুস্তাফিজ এখনই শতভাগ ফিট। মাশরাফি বলেছেন, ‘মুস্তাফিজের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ রকম পরিস্থিতিতে যে কোনও খেলোয়াড়ের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজই সিদ্ধান্ত নেবে সে খেলবে কি না?’

এসব বক্তব্য বিশ্লেষণ করলে মুস্তাফিজ খেলবেন মনে করা যেতে পারে। মুস্তাফিজের যে বয়স তাতে তাকে কেউ জিজ্ঞেস করলে তিনি কি বলবেন খেলবেন না? কোচের চোখেমুখের ভাষায় মনে হলো মুস্তাফিজকে দলের যেমন দরকার, তেমনই তাকে নিয়ে কোনও ঝুঁকিতে যেতে নারাজ, ‘মুস্তাফিজ দলের সঙ্গে আছে। নিউজিল্যান্ড সফরেই সে খেলবে।’ তবে সোমবার খেলবেন কি না তা জানা যাবে সহসাই।

মাশরাফির কথায় মনে হলো তারা চারজন পেসার নিয়ে খেলার চিন্তাভাবনা করছেন। মাশরাফি যা বলেননি তা হলো পেসারদের মধ্যে রুবেল হোসেনের সমর্থন সবচেয়ে বেশি লাগবে। বিপিএল থেকে দুর্দান্ত ফর্মে আছেন রুবেল। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে খুবই কার্যকর ছিলেন তিনি। বিশেষ করে এডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে তার পরপর বিধ্বংসী দুই উইকেটের স্পেলটি বাংলাদেশ দলটিকে আমূল বদলে দেয়। এবারও রুবেলকে নিয়ে অনেক আশা দলের।

তাসকিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আশা করা হচ্ছে। আর দলের সবার মাথার উপরে অভিভাবকের মতো মাশরাফিতো আছেনই। শনি-রবিবারের অনুশীলনে তাইজুলকে ঝালিয়ে নেয়া হলেও নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিন আক্রমণ নিয়ে তেমন চিন্তাভাবনা করা হচ্ছে মনে হয়নি। স্পিনের জন্য অলরাউন্ডার সাকিবতো আছেনই। সিডনির অনুশীলন ম্যাচে সৌম্য সরকারকে কাজে লাগিয়ে ভালো ফল পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কন্ডিশনেও তাকে কাজে লাগানো হতে পারে।

দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা এখন ফর্মে রয়েছেন। আছেন নিউজিল্যান্ডের মাটিতে একমাত্র সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। এই ক্রাইস্টচার্চেই সেঞ্চুরিটি করেছিলেন ইমরুল। তবে তা এই হ্যাগলি ওভালে নয়, ক্রাইস্টচার্চের মূল স্টেডিয়ামে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় যেখানে আর বড় কোনও ম্যাচ হয় না। নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচে সৌম্য রান পেতে শুরু করাতেও আশা দেখছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো বাউন্সি উইকেটেই সৌম্য দারুণ। যেখানে বল উঠে আসে সেখানে তিনি মারমুখী হতে পছন্দ করেন। মরা উইকেট সৌম্যর জন্য নয়।

তামিম-সাব্বির কী করেন সেটার উপরও নির্ভর করছে বাংলাদেশের ভালো করার বিষয়টি। মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদ যে ধারাবাহিক আছেন, সবার কামনা সেটি থাকুক। সাকিব-মাহমুদউল্লাহর কাছে শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও সহযোগিতা চায় বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন একটি দল, এটি শুধু আগের মতো তামিম-সাকিব নির্ভরশীল দল নয়। সব মিলিয়েই এখন বাংলাদেশ দল। এই বাংলাদেশই প্রথম খেলায় জিততে চায় নিউজিল্যান্ডের বিপক্ষে।

/এফএইচএম/