মুশফিকের ইনজুরিতে নুরুল হাসান সোহানের অভিষেকটা অনুমিতই ছিল। ১২০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তার। অন্যদিকে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে একাদশে প্রথমবারের মতো সুযোগ দেওয়ার হয়েছে পেসার শুভাশিষ রায়কে। অফফর্মের কারণে সৌম্য সরকারকে বসিয়ে খেলানো হচ্ছে লেগ স্পিনারের সঙ্গে ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করা তানবীর হায়দার।
সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। এই চোটে আগামী দুই সপ্তাহের জন্য দলের বাইরে চলে গেছেন বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান।
তার জায়গা খেলা নুরুল ব্যাটিংয়ে পরীক্ষিত না হলেও উইকেট কিপিংয়ের দিক দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ইতিমধ্যে। জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা নুরুল ১৮ গড়ে ৫৪ রান করেছেন। তার সর্বোচ্চ রান ৩০।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে বেশ সফল তিনি। ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা নুরুল ২৫.৬৫ গড়ে এক সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিতে করেছেন ১০২৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে সফল তিনি। এখন পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নুরুল হাসান ৪১.৮১ গড়ে ২৪২৫ রান করেছেন। ৫টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ১৩টি হাফসেঞ্চুরি।
তানবীর হায়দার মূলত ব্যাটসম্যান। গত কয়েক বছর ধরে লেগ স্পিনটাও বেশ ভালো করছেন তিনি। লেগ স্পিনের সঙ্গে ব্যাটিং করতে পারাতেই সুযোগ হয়েছে তার। ৪৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬৬৩ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১৪টি। পরিসংখ্যান অবশ্য তানবীরের সাম্প্রতিক পারফরম্যান্স তুলে ধরতে পারবে না। অস্ট্রেলিয়ার ক্যাম্পে ভালো করায় কোচ প্রথম ম্যাচেই খেলাতে চেয়েছিলেন তানবীরকে। শেষ পর্যন্ত এক ম্যাচ পরই ওয়ানডে ক্যাপ পড়ার সুযোগ পেলেন এই ক্রিকেটার।
গত কিছুদিন ধরেই জাতীয় দলের আশপাশে আছেন পেসার শুভাশিষ রায়। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনেই অভিষেক হয়ে গেল তার। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন ১৮ বছর বয়সী এই পেসার। ৪৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৫৮টি। এছাড়া ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১৫৬টি।
/আরআই/কেআর/