ইনজুরির কারণে দলের অন্যতম স্তম্ভ মুশফিক নেই। কাটার মাস্টার মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। তিন অভিষিক্ত নুরুল হাসান, শুভাশিষ রায়, তানভীর হায়দারকে নিয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু টিম টাইগার্সের শারীরিক ভাষায় এর কোনও ছাপ ছিল না।
মাঠে অল্পস্বল্প প্রবাসী বাংলাদেশি দর্শক। কিন্তু টিম বাংলাদেশ ফিরে গেছে নিজস্ব ছন্দে। শেষের ওভারগুলোয় রান একটু বেশি দেয়া না হলে কিউইদের আরও কম রানের মধ্যে বেধে রাখা সম্ভব ছিল। বৃহস্পতিবার নেলসনের মাঠে কিউই ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাইল ব্রুম। ১০৭ বল খেলে হার না মানা ১০৯ রানের ইনিংস খেলেছেন এই কিউই ব্যাটসম্যান। শতকের জন্য তাকে মোকাবিলা করতে হয়েছে টাইগার বোলারদের ১০১টি বল। ৩৪.১ ওভারে তাকে রান আউটের চেষ্টাটি অল্পের জন্যে বিফলে যায়। এরপর ক্রমশ আরও বিধবংসী হয়ে ওঠেন ব্রুম।
তখন ব্রুমের সঙ্গী রঞ্চিও জ্বলে ওঠার চেষ্টা করেন। পর পর দুইবার রঞ্চি তাসকিনের বল মাঠের বাইরে পাঠান। ৩৫ রানে রঞ্চিকে তাসকিন সাজঘরে ফেরত পাঠালে রাশ টেনে ধরা সম্ভব হয় এ জুটির রানের চাকা। ৩৮ বল খেলে রানগুলো করেছেন রঞ্চি।
/কেআর/