বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি দল ঘোষণা

lkjhkjআগামী ৩ জানুয়ারি নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি মিশন। নিউজিল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সফরকারীরা।

চোট নিয়ে ওয়ানডেতে ছিটকে পড়া মুশফিকুর রহিমকে রাখা হয়নি। তাকে যে দলে পাওয়া যাবে না প্রত্যাশিতই ছিল। ওয়ানডেতে প্রত্যাবর্তনের পর ২০ ওভারের প্রথম ম্যাচে আছেন মুস্তাফিজুর রহমান।

১৫ জনের এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শুভাগত হোম ও তাইজুল ইসলামকে। ওয়ানডে দলের তানবীর হায়দার ও মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে। ওয়ানডেতে অভিষেক ম্যাচে লেগ স্পিন করে উইকেটশূন্য ছিলেন তানবীর। এমনকি ব্যাট হাতেও ছিল না কোনও ঝলক, দুই ম্যাচে মাত্র ৫ রান করেন তিনি। আর মেহেদির তো খেলাই হয়নি কোনও ম্যাচ।  

মেহেদির মতো আরেকজন- রুবেল হোসেন তিন ওয়ানডের একটি ম্যাচও খেলতে পারেননি। তারপরও টি-টোয়েন্টিতে রাখা হয়েছে তাকে। প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করা সৌম্য সরকার আছেন এই দলে।

এ বছরের শুরুতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা দলের আবু হায়দার, আল-আমিন হোসেন, মোহাম্মদ মিথুন, সাকলাইন সজীব ও আরাফাত সানির জায়গা হয়নি এই ১৫ জনের তালিকায়।

প্রথম টি-টোয়েন্টির দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

/এফএইচএম/