টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে চতুর্থ সেঞ্চুরি করেছেন কিউই টপ অর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো। শুক্রবার বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে বিস্ফোরক এই ইনিংস খেলেছেন ২৯ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। ৫৪ বলে ৭ চার ও ৭ ছয়ে ১০১ রানের ইনিংস খেলেছেন মুনরো।
শুক্রবার অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন মুনরো। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেটে রেকর্ড জুটি গড়েছেন তিনি। টম ব্রুসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১২৩ রান আসে কিউইদের।
এদিন সাকিব-মুস্তাফিজ-রুবেল-মাশরাফি-মাহমুদউল্লাহ কাউকে বাদ দেননি মুনরো। তার বিস্ফোরক ব্যাটিংয়ে কিউইরা রানের পাহাড় গড়েছে বাংলাদেশের সামনে। মাশরাফির বলটি মিডঅফে বলটি ঠেলে দিয়ে সিঙ্গেল নেন মুনরো। আর তাতেই ক্যারিয়রের প্রথম এবং দেশের হয়ে চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই ফরম্যাটে মুনরোর আগের সর্বোচ্চ রানটি ছিল অপরাজিত ৭৩।
শুক্রবার প্রথম ওভার থেকে ভয়ঙ্কর হয়ে উঠেন মুনরো। মাশরাফির শেষ বলে বাউন্ডারি মেরে শুরু হয় তার মিশন। সেই মিশন অব্যাহত থাকে ১৭ ওভার পর্যন্ত। রুবেলের তৃতীয় ওভারের চতুর্থ বলটি ব্যাটে আলতো সংযোগ লেগে চলে যায় উইকেট কিপার নুরুল হাসানের তালুতে। আর তাতেই ১০১ রানের বিধ্বংসী ইনিংসের ইতি ঘটে মুনরোর।
মুনরো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন মাহমুদউল্লাহর করা ১৩তম ওভারে। ওই ওভারে ৩টি ওভার বাউন্ডারি ছাড়াও আসে দুটি বাউন্ডারি। মোট ২৮ রান দেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
সেঞ্চুরি পেতে মনুরো খেলেছেন ৫২ বল। ৭ চার ও ৭ ছয়ে তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার আগে নিউজিল্যান্ডের হয়ে দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন টি-টোয়েন্টিতে। অবশ্য সেঞ্চুরি আছে তিনটি, কেন না দুটি সেঞ্চুরি একজনেরই। ব্রেন্ডন ম্যাককালাম সর্বপ্রথম দেশের হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। ২০১০ সালে ক্রাইস্টাচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাককালাম। দুই বছর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়াল্ড টি-টোয়েন্টিতে নিজের রেকর্ড ভেঙে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টিতে কিউইদের অপর সেঞ্চুরিটি হচ্ছে মার্টিন গাপটিলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১২ সালে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন তিনি।
প্রসঙ্গত, মুনরো ওয়ানডে সিরিজে বাংলাদেশের বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করেছেন। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৮৭ রানের ইনিংস খেলেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। শুক্রবার টি-টোয়েন্টি সিরিজেও এই ধারা অব্যহত রেখেছেন মুনরো।
/আরআই/এফএইচএম/