দুইদিন আগে সংবাদ সম্মেলেনে তাসকিন নতুন এক অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। সতীর্থদের প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘দলের সবাই এখন আমাকে দেখছে আর হাসছে, ‘কী রে, টেস্ট খেলবি!’ সবাই হেসে হেসে বলছে। আমারও ভালো লাগছে, কারণ স্বপ্ন পূরণ হতে চলছে।”
তাসকিনের এই কথাগুলো দুইদিন আগের। সতীর্থরা ২১ বছর বয়সী এই তরুণ পেসারকে উৎসাহ দিচ্ছিলেন। বৃহস্পতিবার তাসকিনের জীবনে এলা সেই মাহেন্দ্রক্ষণ, ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামের ২২ গজে সাদা পোশাকে অভিষেক হয়ে গেল তাসকিনের।
ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে জীবন্ত কিংবদন্তি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছ থেকে টেস্ট ক্যাপ বুঝে নিলেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির পেসার।
২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের দুই বছর পর টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তাসকিনের বাংলাদেশের ৮২তম ক্রিকেটার হিসেবে।
বেসিন রিজার্ভ স্টেডিয়ামে বল হাতে নামার আগে তাসকিনের রয়েছে ২৩টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।
টস হেরে আগে ব্যাটিং করায় তাসকিনের বোলিং দেখতে অপেক্ষা করতে হবে। দুই দিন আগে তাসকিন তার অভিষেক নিয়ে বলেছিলেন, ‘বোলাররা উইকেট দেখে খুব খুশি। আমার খুব ভাল লাগছে। এই উইকেটে বোলিংটা উপভোগই করব।’
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে ওয়ানডে ক্যাপ পেয়েছিলেন শুভাশিষ। সেই ক্যাপটা পুরনো হওয়ার আগেই টেস্ট ক্যাপও জিতে নিলেন তিনি। বাংলাদেশের ৮৩তম ক্রিকেটার হিসেবে মুশফিকের কাছ থেকে টেস্ট ক্যাপ বুঝে পান এই পেসার।
৫১টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে দারুন সাফল্য তুলে নিয়েছেন শুভাশিষ। ২৮.২৭ গড়ে ১৫৭ উইকেট পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।
/আরআই/কেআর/