শুভাশীষের প্রথম উইকেট গ্রান্ডহোম

টেস্টে প্রথম উইকেট নিলেন শুভাশীষ৮৭ রানের অপরাজিত জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেছিলেন টম ল্যাথাম ও হেনরি নিকলস। চতুর্থ দিন তারা জুটিটাকে আরও শক্ত করতে থাকেন। তবে সাকিব আল হাসানের কাছে ভাঙে তাদের জুটি। এরপর শুভাশীষ রায়ের প্রথম টেস্ট শিকার হন কলিন ডি গ্রান্ডহোম। নিউজিল্যান্ড হারায় তাদের পঞ্চম উইকেট।

সাকিব তার নবম ওভারের তৃতীয় বলে নিকলসকে ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজের। স্লিপে ক্যাচ তুলে দেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করা নিকলস। ৫৩ রানে থামে তার ইনিংস। একই সঙ্গে ভাঙে ১৪২ রানের জুটি।

কলিন ডি গ্রান্ডহোম খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। টানা চার ও ছয় মেরে শুভাশীষের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১৪ রানে শেষ হয় তার ইনিংস।

এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে ১০৭ ওভারে ৫ উইকেটে ৩৯২ রান করেছে নিউজিল্যান্ড।ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করা ল্যাথাম এখন বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। ১৭৫ রানে খেলছেন তিনি। অপর প্রান্তে নেমেছেন বিজে ওয়াটলিং।

৩ উইকেটে ২৯২ রানে রবিবার দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তৃতীয় দিনের প্রথম সেশনে।

/এফএইচএম/