রেকর্ড গড়ে জিততে হবে মুশফিকদের

4গল টেস্ট জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশের। তবে জেতার চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই হয়তো মনোযোগ দেবে মুশফিকরা। কেন না লঙ্কানদের বিপক্ষে এই রান তাড়া করা শুধু কঠিনই না, অসম্ভবও বটে। শুক্রবার বাংলাদেশকে ৪৫৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

এখনও পুরো একদিন বাকি, সঙ্গে চতুর্থ দিনের প্রায় দেড় ঘণ্টা সময় ব্যাটিং করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

২৩ টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করে বাংলাদেশের জয়ের রেকর্ড মাত্র দুটি। অন্যদিকে ড্র করতে পেরেছে পাঁচটি ম্যাচ, বাকি ম্যাচগুলো হারতে হয়েছে টাইগারদের।

২০০৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫২১ রানের লক্ষ্যে খেলতে নেমে  ৪১৩ রান করে হারতে হয়েছিল বাংলাদেশকে। গল টেস্টে বাংলাদেশের জন্য এটা আরও বড় চ্যালেঞ্জ। উইকেটের কারণে লঙ্কানদের দেওয়া ৪৫৭ রান বাংলাদেশের জন্য আরও বড় লক্ষ্য।

বেশিরভাগ টেস্টেই বাংলাদেশ চতুর্থ ইনিংসে দ্রুত গুটিয়ে গেছে। সর্বশেষ ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টেও দেখা গেছে সেটা। ৪৫৯ রানের জবাবে খেলতে গিয়ে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ২৫০ রানে অলআউট হলে ম্যাচ হারে ২০৮ রানে।

মোট ২৩টি টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করেছে বাংলাদেশ। যেখানে চারশ রানের ইনিংস একটি। এছাড়া তিনশ রানের ইনিংস রয়েছে দুটি। এছাড়া ৯টি ইনিংস আছে দুইশ’র বেশি রানের। ২০১৩ সালে এই গলেই বাংলাদেশ চতুর্থ ইনিংসে এক উইকেট হারিয়ে ৭০ রান করে ম্যাচ বাঁচিয়েছিল। এই টেস্টের প্রেক্ষাপট ভিন্ন। এখানে মুশফিকদের একদিনের বেশি ব্যাটিং করতে হবে। অন্যদিকে ওই টেস্টে শেষ সেশনে ব্যাটিং করতে হয়েছিল মুশফিকদের।

/আরআই/এফএইচএম/