দ্বিতীয় সেশনের শুরুতেই মুশফিক-লিটনের বিদায়

260074লিটন দাসের সঙ্গে প্রথম সেশনের শেষদিকের লড়াইটা দ্বিতীয় সেশনে টেনে নিতে পারলেন না মুশফিকুর রহিম। লাঞ্চের পর নেমে তারা দুজনেই দ্রুত আউট হয়েছেন। 
অবশ্য সকালের চরম বিপদ তাদের জুটিতেই কাটায় বাংলাদেশ। বিনা উইকেটে ৬৭ রানে শেষ দিন খেলতে নেমে টাইগারদের দলীয় স্কোরবোর্ড ১০৪ রান হতেই নেই ৫ উইকেট। প্রথম ঘণ্টাটা দাপট দেখান শ্রীলঙ্কার দুই স্পিনার দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ। কিন্তু সেই ধাক্কা সামাল দেন মুশফিক ও লিটন। দুই ব্যাটসম্যানের অর্ধশতাধিক রানের জুটিতে ৫ উইকেটে ১৫৭ রানে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই অধিনায়ককে মাঠ ছাড়তে হলো, তার সঙ্গে বিদায় নেন লিটনও। দ্বিতীয় সেশনের তৃতীয় শিকার হন তাসকিন আহমেদ। ৫৫ ওভারে ৮ উইকেটে ১৮০ রান করেছে সফরকারীরা।

মাহমুদউল্লাহ পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হলে ক্রিজে নামেন লিটন। অধিনায়ককে উপযুক্ত সঙ্গ দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাদের ৫৪ রানের জুটিটি দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ভাঙেন লাকশান সান্দাকান। উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসে ৩৪ রানে ধরা পড়েন মুশফিক। তিন ওভার বিরতি দিয়ে হেরাথের শিকার হন লিটন। ৩৫ রানে উপুল থারাঙ্গাকে ক্যাচ দেন তিনি। লঙ্কান অধিনায়কের বলে মাত্র ৫ রানে আউট হন তাসকিন। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

ড্রকে প্রাধান্য দিয়ে শনিবার শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাত্র ১৬ রানের মধ্যে তিন উইকেট হারানোয়, যার দুটিই দিলরুয়ান পেরেরা নেন। এর পর শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের এক ওভারেই আরও দুজন ব্যাটসম্যান আউট।

অথচ বিনা উইকেটে ৬৭ রানে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথম বলেই হারায় উইকেট। গলেতে দুই ইনিংসেই ফিফটি হাঁকানো সৌম্য সরকার ছিলেন ভরসার প্রতীক। কিন্তু তার আউট দিয়েই শুরু হয় দিন।

আসেলা গুনারত্নের পেসে পঞ্চম দিন রানের খাতা না খুলে বোল্ড হন সৌম্য। ৫৩ রানে শেষ হয় তার ইনিংস। এর পর দিলরুয়ান পেরেরা তার অফ স্পিনে পরপর দুই ওভারে সাজঘরে ফেরান মুমিনুল হক ও তামিম ইকবালকে। মুমিনুল ৫ রানে এলবিডব্লিউর শিকার। আর তামিমকে ১৯ রানে ক্যাচ দিতে হয় গুনারত্নের কাছে।

৪৫৭ রানের লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। হেরাথের সপ্তম ওভারে সাকিব ৮ রানে ক্যাচ তুলে দেন দিমুথ করুনারত্নের হাতে। মাহমুদউল্লাহ নেমেই দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার, রানের খাতা খোলা হয়নি তার। দ্বিতীয় সেশন শুরুর আগে সেই ধাক্কা সামলান মুশফিক ও লিটন। কিন্তু তাদের দুজনের বিদায়ে আবার বড় বিপদে পড়ল বাংলাদেশ।

/এফএইচএম/