ক্রিজে নেমে ঝড় তুলেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা ও দানুশকা গুনাতিলাকা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ওভারে বেশ মেরে খেলেছেন তারা দুজন। বাংলাদেশের বাঁহাতি পেসার তার তিন ওভারের প্রথম স্পেলে ৫টি বাউন্ডারি দেন, তার কয়েকটি ওভারে লঙ্কানরা রান পেয়েছে ২৫।
এর আগে মাশরাফি শুরু করেন বাংলাদেশের বোলিং। প্রথম দুই বলেই ওয়াইড দেন অধিনায়ক, এ ওভারে একটি বাউন্ডারিও পায় শ্রীলঙ্কা। আর এমন মারকুটে ব্যাটিং ভালোভাবে ধরে রেখেছে লঙ্কানরা। অবশ্য নিজের দ্বিতীয় ওভারে মাশরাফি জীবন দেন গুনাতিলাকাকে। তার ফুল ডেলিভারিতে লঙ্কান ওপেনার সোজা শট নেন, শক্তিশালী গতিতে ছুটে আসা বলটি বাঁ হাতে কব্জা করতে পারেননি অধিনায়ক।
এ গতি চলতে থাকে বেশ কয়েক ওভার, প্রথম ১০ ওভারে ৭৬ রান তোলে শ্রীলঙ্কা। এর পর ভাঙে শক্ত এ জুটি। মিরাজের বলে গুনাতিলাকা ৩৪ রানে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হন।
সিরিজে সমতা রেখে শেষ করার লক্ষ্যে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। ৯০ রানে জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে হয় শুধু একটি ইনিংস। আগে ব্যাট করে ৩১১ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে নামতেই পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে তারা ১-০ তে এগিয়ে।
/এফএইচএম/