বৃহস্পতিবার ল্যাপটপ মেলা

সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরাবৃহস্পতিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিনের ল্যাপটপ মেলা। আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার বলছে এটি গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা।
মেলার বিস্তারিত জানাতে রবিবার রাতে ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভূঁইয়া, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আল ফুয়াদ, এসার বাংলাদেশের চ্যানেল সেলস কানসালটেন্ট সাকিব হাসান ও এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের মেলায় ১টি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, ৫টি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭ স্টলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
এছাড়া মেলায় পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের যন্ত্রাংশ ও গ্যাজেটস। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে গ্লোবাল ব্র্যান্ড জানায়, এবারের মেলায় এফোরটেক টাইটেল স্পন্সর। মেলায় আসা দর্শনার্থীদের জন্য অফার ও ছাড়ে চমক থাকবে। এফোরটেকের বিভিন্ন পণ্য পাওয়া যাবে মেলায়।

এইচপি মেলায় নতুন ডিজাইন ও আপডেটেড পণ্য নিয়ে হাজির হবে। ক্রেতাবান্ধব ল্যাপটপ থাকবে, থাকবে ভালো পণ্য। ল্যাপটপ কিনে পাওয়া যাবে ছাড়, অফারসহ নানা ধরনের উপহার।

ডেল মেলায় নিয়ে আসছে নতুন ডিজাইনের ল্যাপটপ। পাশাপাশি ডেলের অন্যান্য ল্যাপটপও পাওয়া যাবে। মেলা থেকে ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন ছাড়। মেলায় উপহারসহ নানা ধরনের অফারও থাকবে।

আসুস মেলায় নিয়ে আসবে গেমিং ল্যাপটপ। ল্যাপটপ কিনলে ছাড় পাওয়া যাবে। নতুন ডিজাইনের ও মডেলের ল্যাপটপ থাকবে মেলা উপলক্ষে।

মেলা শেষ হবে শনিবার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত  চলবে। মেলার প্রবেশ টিকিটের দাম ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে এলে টিকিট ছাড়াই মেলায় ঢুকতে পারবে।