যথাসময়ে প্রকল্প শেষ করতে আইসিটি প্রতিমন্ত্রীর নির্দেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২১-২২ অর্থবছরের জানুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো ভার্চুয়ালি। সোমবার (৭ ফেব্রুয়ারি) এতে অংশ নিয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রকল্প পরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেন।

আইসিটি বিভাগের তৈরি বৈঠক প্ল্যাটফর্মে অনুুষ্ঠিত সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্ত ও জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সবশেষ অগ্রগতি তুলে ধরেন।

চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন তিনটি কারিগরিসহ মোট ২৭টি প্রকল্পের জন্য বরাদ্দ ১ হাজার ৪৫২ কোটি ৭১ লাখ টাকা।

সভায় জানানো হয়, আইসিটি বিভাগের প্রকল্পগুলোর অগ্রগতি গত জানুয়ারি পর্যন্ত আর্থিক বরাদ্দের ভিত্তিতে ৩৮ দশমিক ৩৫ শতাংশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় যুক্ত হন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।