কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ভবিষ্যতে সব এআই ডেটা সেন্টারে শুধু এনভিডিয়ার চিপ ব্যবহার করার পাশাপাশি পৃথিবীর কক্ষপথে ‘স্টারমাইন্ড’ নামে মহাকাশভিত্তিক এআই কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ৪ আগস্ট প্রথম প্রান্তিকের আয়-সংক্রান্ত কনফারেন্স কলে এসব ঘোষণা দেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
মাস্ক জানান, ভবিষ্যতের সব এআই ডেটা সেন্টার নির্মাণে স্পেসএক্স একচেটিয়াভাবে এনভিডিয়ার হার্ডওয়্যার ব্যবহার করবে। তাঁর ভাষ্য, এনভিডিয়ার ‘ভেরা রুবিন’ আর্কিটেকচার বর্তমানে বাজারের সবচেয়ে উন্নত এআই কম্পিউটিং প্ল্যাটফর্ম। বৃহৎ আকারের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য তৈরি এই নতুন প্রজন্মের চিপ আর্কিটেকচারের ওপর ভিত্তি করেই পৃথিবী ও ভবিষ্যতে মহাকাশে স্পেসএক্সের কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা হবে।
স্পেসএক্স ও এনভিডিয়া যৌথভাবে ‘স্টারমাইন্ড এআই-১’ নামে একটি স্যাটেলাইট কম্পিউটিং পেলোডও তৈরি করছে। পরিকল্পনা অনুযায়ী, এটি মহাকাশভিত্তিক এআই কম্পিউটিং অবকাঠামোর প্রাথমিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। প্রতিটি স্যাটেলাইটে এনভিডিয়ার ‘ভেরা রুবিন এনভিএল৭২’ নকশা থেকে অনুপ্রাণিত উচ্চক্ষমতার এআই কম্পিউটিং ব্যবস্থা থাকবে, যা মহাকাশেই তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম হবে।
মাস্কের মতে, পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনায় বিদ্যুৎ, শীতলীকরণ ব্যবস্থা ও পর্যাপ্ত জায়গার সীমাবদ্ধতা ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। অন্যদিকে মহাকাশভিত্তিক অবকাঠামো সরাসরি সৌরশক্তি ব্যবহার করতে পারবে এবং মহাশূন্যের স্বাভাবিক তাপ বিকিরণ পরিবেশ কাজে লাগিয়ে সহজেই শীতলীকরণ সম্ভব হবে। ফলে বৃহৎ পরিসরে এআই কম্পিউটিং পরিচালনা আরও কার্যকর হতে পারে।
কনফারেন্স কলে মাস্ক আরও বলেন, নতুন অবকাঠামো নির্মাণের গতি ও দক্ষতার দিক থেকে স্পেসএক্সের প্রকৌশল দল বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে। তাঁর ভাষায়, ‘রকেট বিজ্ঞানীদের নিয়ে ডেটা সেন্টার তৈরি করা অনেকটা ইয়াঙ্কিস বেসবল দলের সঙ্গে একটি লিটল লিগ দলের খেলার মতো।’
কনফারেন্সে আরও জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে স্পেসএক্সের আয় হয়েছে ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। একই সময়ে সমন্বিত পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৬ সালের শেষ নাগাদ তাদের এআই কম্পিউটিং সক্ষমতা ২ গিগাওয়াট ছাড়াবে। ২০২৭ সালের মধ্যে তা প্রায় ১০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। স্পেসএক্সের বিশ্বাস, এনভিডিয়ার সঙ্গে এই অংশীদারত্ব এবং ‘স্টারমাইন্ড’ প্রকল্প ভবিষ্যতের মহাকাশভিত্তিক এআই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।