স্মার্টফোন পানিতে পড়ে গেলে সেটি চালের মধ্যে রেখে শুকানো—বহুদিনের জনপ্রিয় একটি ঘরোয়া কৌশল। শুকনো চাল ফোনের ভেতরের পানি শুষে নিয়ে দ্রুত ডিভাইসটি সচল করতে পারার সক্ষমতা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য হলেও, এই পদ্ধতি নিয়ে প্রযুক্তি নির্মাতা ও বিশেষজ্ঞদের দ্বিমত রয়েছে চিরকালই। বিশেষজ্ঞদের মতে, চালের মধ্যে ফোন রাখা কার্যকর সমাধান নয়, বরং ভুলভাবে শুকানোর চেষ্টা ফোনের ভেতরে আরও ক্ষতি করতে পারে।
চাল কি ফোনের পানি শুষে নেয়
চাল কিছুটা আর্দ্রতা শোষণ করতে পারে—এ কারণেই ভেজা ফোন চালের মধ্যে রেখে শুকানোর ধারণাটি সাধারণ মানুষের মাঝে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ফোনের ভেতরে ঢুকে যাওয়া পানি বের করে দেওয়ার জন্য চালকে কার্যকর ‘ডেসিক্যান্ট’ হিসেবে ব্যবহারের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফোনের ক্ষুদ্র পোর্ট ও অভ্যন্তরীণ অংশে থাকা আর্দ্রতা চালের মাধ্যমে নিরাপদভাবে বের হয়ে যাবে—এমন নিশ্চয়তাও নেই। বরং চালের ছোট কণা বা গুঁড়া মোবাইলের চার্জিং পোর্ট বা স্পিকার গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে আটকে যেতে পারে। ফলে ফোন শুকানোর বদলে পোর্টে আরও সমস্যা তৈরি হতে পারে।
টেক জায়ান্টরা কী বলছে
অ্যাপল সরাসরি ব্যবহারকারীদের ভেজা আইফোন চালের মধ্যে না রাখতে সতর্ক করেছে। কোম্পানির নির্দেশনায় বলা হয়েছে, চালের ছোট কণা ফোনের ভেতরে ঢুকে অভ্যন্তরীণ ক্ষতিসাধন করতে পারে। একই সঙ্গে চার্জিং পোর্টে যেকোনো বাইরের বস্তু ঢুকিয়ে পানি বের করার চেষ্টাও করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একইভাবে স্যামসং-এর নির্দেশনায়ও পদ্ধতিটি নিয়ে স্পষ্ট আপত্তি রয়েছে। ভেজা ফোন শুকাতে চালের ওপর নির্ভর না করে ফোনটি শুকনো জায়গায় রেখে বাতাসে শুকানোর পরামর্শ দেয়া হয়েছে কোম্পানি থেকে। অর্থাৎ দুটি শীর্ষ স্মার্টফোন নির্মাতার নির্দেশনাই জনপ্রিয় ‘ফোন-চাল’ পদ্ধতির বিপক্ষে।
তাহলে ফোন ভিজে গেলে কী করবেন
প্রথমেই ফোনটিকে বন্ধ করে নিতে হবে, চার্জে দেয়া থাকলে সাবধানতার সাথে সরিয়ে নিতে হবে। তারপর বাইরে থাকা পানি নরম, শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে। এরপর ফোনটিকে এমন একটি শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে, যেখানে স্বাভাবিকভাবে পানি শুকাতে পারে।
চার্জিং পোর্টে পানি থাকলে সেখানে টিস্যু, তুলা, কাগজ, কাঠি বা অন্য কোনো বস্তু ঢোকানো উচিত নয়। একইভাবে হেয়ার ড্রায়ার, হিটার কিংবা অতিরিক্ত গরম বাতাস ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত তাপ ফোনের ব্যাটারি ও অভ্যন্তরীণ যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। অনেক আধুনিক ফোন পোর্টে পানি শনাক্ত করলে সাময়িকভাবে তারযুক্ত চার্জিং বন্ধ করে সতর্কবার্তা দেখায়। এমন পরিস্থিতিতে পুরোপুরি শুকানো পর্যন্ত কেবল দিয়ে চার্জ দেওয়া উচিত নয়।
সবশেষে মনে রাখা জরুরি, ফোনে পানি ঢোকার পর চালের পাত্রে রেখে দেওয়া কোনো নিশ্চিত ‘ফার্স্ট এইড’ নয়। ফোন বন্ধ করা, পানি মুছে স্বাভাবিকভাবে শুকাতে দেওয়া এবং প্রয়োজন হলে মেরামতকেন্দ্রে নেওয়াই তুলনামূলক নিরাপদ পদ্ধতি।