৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি সি১০০এক্স, থাকছে স্টুডেন্ট ডিসকাউন্ট

দেশের বাজারে রিয়েলমি আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের সি-সিরিজের নতুন মডেলের স্মার্টফোন রিয়েলমি সি১০০এক্স। নিম্ন-মধ্যম বাজেটের এই স্মার্টফোনটির বিপণনের কেন্দ্রবিন্দুতে রিয়েলমি রেখেছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সুবিশাল ব্যাটারি, রিভার্স চার্জিং সুবিধা এবং সাত বছর পর্যন্ত ব্যাটারি হেলথ নিশ্চয়তা।
 
সদ্য লঞ্চ হওয়া ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০×১৫৭০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেতে ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও প্রায় ৯০.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও রয়েছে। ফোনটির পুরুত্ব ৮.৬ মিলিমিটার এবং ওজন ২১৯ গ্রাম, যা হাতে তুলনামূলকভাবে ভারী মনে হতে পারে। ফোনটির সুরক্ষার জন্য রয়েছে আর্মারশেল প্রোটেকশন, পাশাপাশি পানি ও ধুলাবালি প্রতিরোধে দেওয়া হয়েছে আইপি৬৪ রেটিং।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেটের অক্টা-কোর প্রসেসর ও মালি-জি৫৭ এমপি১ জিপিইউ। ফোনটি দুইটি সংস্করণে পাওয়া যাচ্ছে- ৪জিবি র‍্যাম+ ১২৮ জিবি স্টোরেজ এবং ৬জিবি র‍্যাম+ ১২৮ স্টোরেজ। সফটওয়্যারভিত্তিক ডায়নামিক র‍্যাম সুবিধায় ৪ জিবি সংস্করণে সর্বোচ্চ ৮ জিবি এবং ৬ জিবি সংস্করণে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহারের সুযোগ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক রিয়েলমি ইউআই ৭। ফোনটিতে আরও রয়েছে ৩০০ শতাংশ আলট্রাবুম সমৃদ্ধ সাউন্ড সিস্টেম, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২  ও ইউএসবি টাইপ-সি পোর্ট। 

ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা হাউস থাকলেও রয়েছে একটিমাত্র প্রধান ক্যামেরা হিসেবে ৫০মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫মেগাপিক্সেলের সেন্সর। ফোনটির পেছনের প্যানেলের ক্যামেরা মডিউলের প্রধান ক্যামেরার নিচ বরাবর রয়েছে একটি এলইডি রিং লাইট, যা বিভিন্ন ফাংশনের ইনডিকেটর হিসেবে কাজ করে। 

ফোনটির সবথেকে আকর্ষণের বিষয় হলো এর ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ধারণক্ষমতাসম্পন্ন ব্যাটারি। সাথে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং-এর সমর্থন। রিয়েলমির নিজস্ব ল্যাব পরীক্ষায় একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৬০ ঘণ্টা কলিং, ২১ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া গেছে। যেখানে অধিকাংশ ব্যবহারকারীর সময়ের সাথে ফোনের ব্যাটারি ব্যাকাপ কমে যাওয়া নিয়ে অভিযোগ থাকে, সেখানে রিয়েলমি সি১০০এক্স দিচ্ছে ৭বছরের দীর্ঘ ব্যাটারি হেলথ নিশ্চয়তা।  

রিয়েলমি সি১০০এক্স দুইটি রঙে পাওয়া যাচ্ছে, গোল্ডেন কোস্ট ও ডিপ-ব্লু টাইডস। দেশের অফিসিয়াল স্মার্টফোন বাজারে ফোনটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২১,৯৯৯ টাকা, আর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়া রিয়েলমি ও দারাজের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ। আগামী ১৭ আগস্ট পর্যন্ত দারাজে রিয়েলমি সি১০০এক্স কিনলে শিক্ষার্থীরা ২,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীর পরিচয় যাচাইয়ের পর একটি কুপন দেয়া হবে, যা আগামী ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করে ডিসকাউন্টটি পাওয়া যাবে।