এআই দিয়ে তৈরি গানের বিস্তার ঠেকাতে স্পটিফাই-এর নতুন নিয়ম

বহু আলোচনা-সমালোচনার মাঝেও দিনে দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত গান পাচ্ছে জনপ্রিয়তা। এআই ভিত্তিক গানের বিস্তার ঠেকাতে ও আসল শিল্পীদের থেকে আলাদা করার সুবিধার্থে নতুন নিয়ম ঘোষণা করেছে মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্ম স্পটিফাই। সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটি এআই-নির্ভর শিল্পী পরিচয়কে ‘এআই পার্সোনা’ ব্যাজ দিয়ে চিহ্নিতকরণ এবং ডিফল্টভাবে তাদের গান শ্রোতাদের রিকমেন্ডেশনে দেখানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এআই পার্সোনা ব্যাজটি শিল্পীর প্রোফাইল, সার্চ ফলাফল এবং প্লেলিস্টের ট্র্যাক তালিকায় দেখা যাবে। এআই-ভিত্তিক শিল্পীরা নিজেরাই এই ব্যাজটি স্পটিফাই অ্যাপ থেকে চালু করে ব্যবহার করতে পারবে। এছাড়াও ফিচারটির সম্পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করার জন্য, স্পটিফাই শ্রোতাদের পর্যালোচনা ও এআই-ডিটেক্টরের সাহায্যে সন্দেহজনক প্রোফাইল শনাক্ত করবে। তবে কোন আসল শিল্পী এই প্রক্রিয়ায় ভুলবশত চিহ্নিত হয়ে গেলে তাদের আপিলের সুযোগও থাকবে।

স্পটিফাই জানিয়েছে, ‘এআই পার্সোনা’ নীতি মূলত শিল্পীর পরিচয়কে কেন্দ্র করে ডিজাইন করা, গানটি কীভাবে তৈরি হয়েছে সেটিকে নয়। অর্থাৎ, কোনো বাস্তব শিল্পী গান তৈরিতে এআই এর সহযোগিতা নিলে বা গানে এআই-জেনারেটেড অংশের ব্যবহার করলেই তার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে এআই পার্সোনার অন্তর্ভুক্ত হয়ে যাবে না। এআই ব্যবহারের তথ্য আলাদাভাবে এআই ক্রেডিটস ও সং ডিএনএ-এর মতো ফিচারের মাধ্যমে দেখানো হবে।

এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ এআই-নির্মিত সংগীতের ব্যাপক বিস্তার। স্পটিফাই জানিয়েছে, গত এক বছরে তারা প্রায় ৭ কোটি ৫০ লাখ স্প্যাম ট্র্যাক প্ল্যাটফর্মটি থেকে সরিয়েছে, যার বড় অংশ এআই-নির্ভর কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 

‘ভেল্ভেট সানডাউন’-এর মতো এআই-নির্ভর ভার্চুয়াল ব্যান্ড এবং ‘সিয়েনা রোজ’-কে ঘিরে সাম্প্রতিক বিতর্ক স্পটিফাইয়ের নতুন সিদ্ধান্তের পেছনে থাকা স্বচ্ছতার প্রশ্নটিকে সামনে এনেছে। ২০২৫ সালে ‘ভেল্ভেট সানডাউন’ নামে একটি রক ব্যান্ড হঠাৎ স্পটিফাইয়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক শ্রোতা পায়। 

পরবর্তী সময়ে তাদের সদস্যদের বাস্তব অস্তিত্ব, লাইভ পারফরম্যান্সের কোনো প্রমাণ এবং প্রচারমূলক ছবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত ব্যান্ডটি নিজেদের একটি এআই-ভিত্তিক সিনথেটিক মিউজিক প্রজেক্ট হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে, ২০২৬ সালের শুরুতে ‘সিয়েনা রোজ’ নামে এক শিল্পীর গান স্পটিফাইয়ের ভাইরাল ৫০ তালিকায় উঠে আসে এবং কয়েক মিলিয়ন মাসিক শ্রোতা অর্জন করে। কিন্তু শিল্পীটির কোনো নির্ভরযোগ্য পরিচয়, লাইভ পারফরম্যান্স বা স্বাভাবিক শিল্পী-উপস্থিতি না থাকায় শ্রোতাদের মনে সন্দেহ জাগে। 

পরবর্তী সময়ে এই শিল্পীকেও এআই-ভিত্তিক বলে চিহ্নিত করা হয়। এমন বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই শ্রোতাদের মধ্যে বিভ্রান্তি রোধ করতে স্পটিফাই এমন পদক্ষেপ নিচ্ছে। তবে এমন শিল্পীদের গান নিষিদ্ধ করা হবে না—ব্যবহারকারী নিজে তাদের অনুসরণ করলে গান ব্যক্তিগত রিকমেন্ডেশনে আসবে, কিন্তু সাধারণ অ্যালগরিদমিক রিকমেন্ডেশনে তা ডিফল্টভাবে জায়গা পাবে না।