ক্যানভার প্রতিদ্বন্দ্বিতায় গুগলের নতুন এআই গ্রাফিক ডিজাইনিং টুল ‘গুগল পিকস’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক ছবি তৈরি ও সম্পাদনার নতুন টুল ‘গুগল পিকস’ আনুষ্ঠানিকভাবে চালুর মধ্য দিয়ে গ্রাফিক ডিজাইনের জগতে প্রবেশ করেছে গুগল। প্রচলিত গ্রাফিক ডিজাইনের জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়াকে জেনারেটিভ এআইয়ের আওতায় এনে পোস্টার, ফ্লায়ার, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টসহ বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল তৈরির কাজ সহজ করবে গুগলের নতুন এই টুল। গুগল ওয়ার্কস্পেসের অংশ হিসেবে চালু হওয়া এই টুলকে জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা ও অ্যাডোবি এক্সপ্রেসের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

গুগলের আই/ও ২০২৬ ডেভেলপার সম্মেলনে গত মে মাসে প্রথম উন্মোচিত ‘গুগল পিকস’ নামের এআইভিত্তিক গ্রাফিক ডিজাইনিং টুলটি ১ সেপ্টেম্বর থেকে ব্যাপক পরিসরে চালু করেছে প্রতিষ্ঠানটি। সাদা ক্যানভাস থেকে শুরু করে হাতে ধরে ধাপে ধাপে ডিজাইন করার সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়াকে প্রম্পটিংয়ের মাধ্যমে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়েই সম্পন্ন করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন স্টাইলাইজড পোস্ট থেকে শুরু করে কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী পোস্টার, ব্যানার, ফ্লায়ার ও গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন তৈরি করা যাবে টুলটি দিয়ে। অর্থাৎ, ব্যবহারকারীর সৃজনশীল ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া যাবে গুগল পিকসের মাধ্যমে। পিকস.নিউ ওয়েবপেজ থেকে গুগলের সদ্য চালু করা টুলটি ব্যবহার করা যাবে।

গুগল পিকস গুগলের ‘ন্যানো ব্যানানা’ ইমেজ জেনারেশন মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ছবি তৈরির পাশাপাশি ছবির নির্দিষ্ট বস্তু আলাদা করা ও পরিবর্তন, ছবির ভেতরের লেখা সংশোধন বা অন্য ভাষায় অনুবাদ করার সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা একই নির্দেশনার একাধিক সংস্করণ তৈরি করে পছন্দের ফলাফল বেছে নিতে পারবেন। দলগতভাবে একটি ডিজাইনে কাজ করার সুবিধাও থাকছে টুলটিতে।

প্রাথমিকভাবে গুগল ডকস ও গুগল স্লাইডসের সঙ্গে যুক্ত করা হচ্ছে গুগল পিকস। ফলে ডকস বা স্লাইডসে কাজ করার সময় আলাদা কোনো ডিজাইন সফটওয়্যারে না গিয়ে সেখান থেকেই প্রয়োজনীয় ছবি, গ্রাফিক্স ও অন্যান্য ভিজ্যুয়াল তৈরি ও সম্পাদনা করা যাবে। গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টুলটি গুগল ড্রাইভেও যুক্ত হবে।

সাম্প্রতিক সময়ে অনেক নতুন ও অনভিজ্ঞ ডিজাইনার সহজে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে ক্যানভা ও অ্যাডোবি এক্সপ্রেসের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। এসব প্ল্যাটফর্মের সঙ্গে তুলনায় গুগল পিকসের কার্যক্ষেত্র একই হলেও কার্যপদ্ধতিতে ভিন্নতা রয়েছে।

ক্যানভায় শিল্পী, ইলাস্ট্রেটর ও ফটোগ্রাফাররা নিজেদের টেমপ্লেট, গ্রাফিকস ও ছবি প্রকাশ করে রয়্যালটি আয়ের সুযোগ পান। অন্যদিকে, শিল্পীদের বিভিন্ন কাজের ওপর প্রশিক্ষিত এআই মডেল ব্যবহার করে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নতুন ভিজ্যুয়াল তৈরি করাই গুগল পিকসের মূল কাজ।

একইভাবে, অ্যাডোবি এক্সপ্রেসে ব্যবহারকারীরা শুরু থেকে বিভিন্ন উপাদান সাজিয়ে ডিজাইন তৈরি করতে পারেন। সেখানে গুগল পিকসে মূলত প্রম্পট বা লিখিত নির্দেশনার মাধ্যমে এআইকে দিয়ে কাঙ্ক্ষিত ডিজাইন তৈরি করানো হয়। তাই ক্যানভা বা অ্যাডোবি এক্সপ্রেসের মতো ডিজাইনিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কাজগুলো করা যায়, সেগুলো গুগল পিকস দিয়েও অনায়াসে তৈরি করা যাবে। ফলে গুগলের নতুন এই টুলটিকে ক্যানভার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ও কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

তবে গুগল পিকস ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়নি। গুগল ওয়ার্কস্পেসের বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড ও এন্টারপ্রাইজ প্লাস প্ল্যানের গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া গুগল এআই প্রো ফর এডুকেশন ব্যবহারকারী এবং গুগল এআই প্রো ও আলট্রা সাবস্ক্রাইবারদের জন্যও টুলটি উন্মুক্ত করা হয়েছে।