পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়

ঘরের বাইরে, যাত্রাপথে কিংবা জরুরি প্রয়োজনে স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে পাওয়ার ব্যাংক এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারিনির্ভর এসব ডিভাইস কখনও কখনও আগুন ধরে যাওয়া বা বিস্ফোরণের মতো দুর্ঘটনার কারণ হতে পারে।

এ ধরনের ঘটনায় অনেক সময় পাওয়ার ব্যাংকের মান নিয়ে প্রশ্ন ওঠে। তবে নিম্নমানের পণ্য ছাড়াও ব্যবহারকারীর অসচেতনতা, অতিরিক্ত তাপ, ভুলভাবে চার্জ দেওয়া কিংবা ব্যাটারির শারীরিক ক্ষতির মতো বিভিন্ন কারণেও ঝুঁকি তৈরি হতে পারে। পাওয়ার ব্যাংকের অস্বাভাবিক লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং কিছু সাধারণ সতর্কতা মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

যে কারণে পাওয়ার ব্যাংকে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে­‑

অতিরিক্ত তাপে ব্যাটারির ক্ষতি

সরাসরি সূর্যের আলো, গরম গাড়ির ভেতর বা অন্য কোনও উচ্চ তাপমাত্রার স্থানে পাওয়ার ব্যাংক রাখলে ব্যাটারির ভেতরের রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত তাপে ব্যাটারি অস্বাভাবিকভাবে গরম হয়ে আগুন লাগার ঝুঁকি বাড়াতে পারে।

নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ব্যাটারি

নন-ব্র্যান্ডেড, নন-সার্টিফায়েড বা নিম্নমানের পাওয়ার ব্যাংকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নাও থাকতে পারে। উৎপাদনজনিত ত্রুটি বা নিম্নমানের ব্যাটারি সেলের কারণে শর্ট সার্কিট ও অতিরিক্ত তাপ তৈরির ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত চার্জ ও ভুল চার্জিং

দীর্ঘ সময় চার্জে রাখা বা অনুপযুক্ত চার্জার ব্যবহার করলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। নিরাপত্তাব্যবস্থা দুর্বল হলে এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

পড়ে যাওয়া বা শারীরিক ক্ষতি

পাওয়ার ব্যাংক বারবার পড়ে যাওয়া, চাপের মুখে পড়া কিংবা আঘাত পাওয়ার কারণে ভেতরের ব্যাটারি সেল ও সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। বাইরে থেকে স্বাভাবিক দেখালেও এ ধরনের অভ্যন্তরীণ ক্ষতি পরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

ফুলে যাওয়া ও অভ্যন্তরীণ ত্রুটি

পাওয়ার ব্যাংক ফুলে যাওয়া, আকৃতি পরিবর্তন, ব্যাটারির তরল বের হওয়া বা অস্বাভাবিক গরম হয়ে ওঠা অভ্যন্তরীণ সমস্যার লক্ষণ হতে পারে। এ অবস্থায় ব্যবহার চালিয়ে গেলে আগুন বা বিস্ফোরণের ঝুঁকি বাড়তে পারে।

বিস্ফোরণের ঝুঁকি এড়াতে যা করবেন-

মানসম্মত ও নিরাপদ পাওয়ার ব্যাংক কিনুন

শুধু কম দাম বা বেশি ধারণক্ষমতার দিকে নজর না দিয়ে স্বীকৃত ব্র্যান্ডের এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন পাওয়ার ব্যাংক বেছে নেওয়া উচিত। নির্মাতা প্রতিষ্ঠানের ওয়ারেন্টি রয়েছে—এমন পণ্য বেছে নেওয়াও ভালো।

দীর্ঘ সময় চার্জে রাখবেন না

প্রয়োজন অনুযায়ী পাওয়ার ব্যাংক চার্জ দিন এবং চার্জিংয়ের সময় প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করুন। অপ্রয়োজনে দীর্ঘ সময় বা রাতভর চার্জে রেখে দেওয়া এড়িয়ে চলা ভালো।

গরম জায়গায় রাখবেন না

সরাসরি রোদ, গরম গাড়ি কিংবা তাপ উৎপন্নকারী যন্ত্রের পাশে পাওয়ার ব্যাংক রাখা উচিত নয়। শুষ্ক ও স্বাভাবিক তাপমাত্রার জায়গায় এটি সংরক্ষণ করা নিরাপদ।

অস্বাভাবিক লক্ষণ দেখলেই ব্যবহার বন্ধ করুন

পাওয়ার ব্যাংক ফুলে গেলে, অতিরিক্ত গরম হলে, পোড়া গন্ধ বের হলে বা ক্রমাগত ‘হিসহিস’ ধরনের শব্দ হলে দ্রুত ব্যবহার বন্ধ করতে হবে। এমন ডিভাইস পুনরায় চার্জ দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

ক্ষতিগ্রস্ত পাওয়ার ব্যাংক নিরাপদে নিষ্পত্তি করুন

নষ্ট বা ক্ষতিগ্রস্ত পাওয়ার ব্যাংক সাধারণ আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া নিরাপদ নয়। সম্ভব হলে অনুমোদিত ই-বর্জ্য বা ব্যাটারি সংগ্রহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি নিরাপদে নিষ্পত্তি করা উচিত।

পাওয়ার ব্যাংক ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা। অস্বাভাবিক তাপ, ফুলে যাওয়া বা দৃশ্যমান ক্ষতির মতো লক্ষণ উপেক্ষা না করে সময়মতো ব্যবহার বন্ধ করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।