স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ঘর, অফিস, রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়মিত ব্যবহারের কারণে ফোনের পর্দা ও কাভারে জমে নানা ধরনের ময়লা ও জীবাণু। তাই নিয়মিত স্মার্টফোন পরিষ্কার করা জরুরি। তবে পরিষ্কার করতে গিয়ে ভুল উপকরণ ব্যবহার করলে ফোনের ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন পরিষ্কারের জন্য উইন্ডেক্স, ব্লিচ, হাইড্রোজেন পারঅক্সাইড বা কমপ্রেসড এয়ার ব্যবহার করা উচিত নয়। এসব উপকরণে থাকা রাসায়নিক ফোনের পর্দার ওপরের অয়েল-রেজিস্ট্যান্ট বা তেল প্রতিরোধী আবরণ নষ্ট করতে পারে। ফলে পর্দায় আঙুলের ছাপ ও তেলের দাগ বেশি পড়বে এবং স্পর্শের অনুভূতিও আগের মতো মসৃণ থাকবে না।

ফোন পরিষ্কারের জন্য একটি নরম মাইক্রোফাইবার কাপড়, সামান্য সাবান মেশানো পানি অথবা ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহলযুক্ত পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে।

যেভাবে স্মার্টফোন পরিষ্কার করবেন

প্রথমে ফোনটি বন্ধ করে নিতে হবে। এরপর ফোনে থাকা কাভার খুলে ফেলতে হবে। মাইক্রোফাইবার কাপড় সামান্য সাবান মেশানো পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে। কাপড়টি ভেজা থাকবে, তবে পানি ঝরবে না। আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করলে তা সরাসরি ফোনে না দিয়ে কাপড়ে স্প্রে করতে হবে।

এরপর কাপড় দিয়ে ফোনের পর্দা, পেছনের অংশ ও পাশের জায়গাগুলো ধীরে ধীরে মুছে নিতে হবে। ক্যামেরার লেন্স ও পাশের বোতামের আশপাশ পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে। ইউএসবি-সি পোর্ট, স্পিকার বা অন্য কোনো খোলা অংশে যেন পানি বা তরল ঢুকে না যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

ফোনের পাশাপাশি কাভারও পরিষ্কার করা প্রয়োজন। সিলিকন ও প্লাস্টিকের কাভার সাবান মেশানো পানি বা অ্যালকোহলযুক্ত ওয়াইপ দিয়ে পরিষ্কার করা যায়। তবে চামড়ার কাভারে অ্যালকোহল ব্যবহার করা উচিত নয়। এতে চামড়া শুকিয়ে ফেটে যেতে পারে। এ ধরনের কাভার পরিষ্কারে হালকা সাবান মেশানো পানিতে ভেজানো কাপড় ব্যবহার করা ভালো।

পরিষ্কারের সময় যেসব ভুল করবেন না

স্মার্টফোনে সরাসরি কোনো তরল স্প্রে করা যাবে না। তরল ফোনের পর্দা, বোতাম বা পোর্টের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে। ফোন পানিরোধী হলেও এ ধরনের ঝুঁকি এড়িয়ে চলা উচিত।

চার্জে থাকা অবস্থায় ফোন পরিষ্কার করাও ঠিক নয়। ফোন পরিষ্কারের আগে চার্জার খুলে নিতে হবে এবং কোনো ধরনের আর্দ্রতা ও বিদ্যুতের সংস্পর্শ এড়াতে হবে।

এ ছাড়া অপ্রয়োজনে বারবার অ্যালকোহলযুক্ত ওয়াইপ ব্যবহার করা উচিত নয়। এতে ধীরে ধীরে ফোনের পর্দার সুরক্ষামূলক আবরণ নষ্ট হতে পারে।

ফোন পরিষ্কারে টিস্যু, কাগজের তোয়ালে বা খসখসে কাপড় ব্যবহার না করাই ভালো। এসব উপকরণ মাইক্রোফাইবার কাপড়ের তুলনায় বেশি ঘর্ষণ তৈরি করে এবং পর্দায় সূক্ষ্ম আঁচড় ফেলতে পারে। সময়ের সঙ্গে এসব আঁচড় আরও স্পষ্ট হয়ে ওঠে।