ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে মেটা এআই নিয়ন্ত্রণ করবেন যেভাবে

মেটার আওতাধীন প্ল্যাটফর্মগুলোর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় কয়েকশ কোটির ঘরে। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে মেটার নিজস্ব এআই সহকারী ‘মেটা এআই’ যুক্ত হওয়ার পর সার্চ, চ্যাট বা পোস্টের সঙ্গে সম্পৃক্ততা অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তিকর হয়ে উঠেছে। বিশেষ করে অপ্রয়োজনীয় এআই পরামর্শ, চ্যাটে মেটা এআইয়ের উপস্থিতি এবং পোস্টের কমেন্টে এআই-তৈরি সারাংশ দেখানোর মতো সুবিধা ব্যবহারকারীর স্বাভাবিক ব্যবহারে বাধা তৈরি করতে পারে। পাশাপাশি এআইয়ের সঙ্গে শেয়ার করা তথ্য কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা নিয়েও অনেকের উদ্বেগ রয়েছে। এই অ্যাপগুলোতে মেটা এআই পুরোপুরি বন্ধ করার সরাসরি কোনও ব্যবস্থা না থাকলেও, নির্দিষ্ট এআই ফিচার বন্ধ করার মাধ্যমে এর কার্যক্রম সীমিত করা সম্ভব।

ফেসবুকে এআই-তৈরি কমেন্ট সারাংশ বন্ধ করবেন যেভাবে

ফেসবুকে নিজের পোস্টে এআই-তৈরি কমেন্ট সারাংশ দেখানো বন্ধ করতে প্রথমে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে যেতে হবে। এরপর অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি অপশনটি নির্বাচন করে পোস্টসে যেতে হবে। সেখানে ‘অ্যালাও কমেন্ট সামারাইজেস অন ইউর পোস্ট’ অপশনটি বন্ধ করলেই ফিচারটি বন্ধ হয়ে যাবে। মোবাইল ও ডেস্কটপ, উভয় সংস্করণেই প্রায় একইভাবে সেটিংসটি পরিবর্তন করা যায়। তবে এই সেটিংস বন্ধ করলে শুধু নিজের পোস্টে এআই-তৈরি কমেন্ট সারাংশের সুবিধাটি বন্ধ হবে। এতে মেটা এআইয়ের সঙ্গে সরাসরি তথ্য শেয়ার করার বিষয়টি পুরোপুরি বন্ধ হবে না। সেজন্য আলাদা করে আপত্তি বা ‘অবজেকশন’ জানাতে হবে। 

ফেসবুকের এআই ডেটা ব্যবহারে আপত্তি জানাবেন যেভাবে

মেটার এআই ব্যবস্থায় নিজের তথ্য ব্যবহারের বিষয়ে আপত্তি জানাতে ফেসবুকের সেটিংস এন্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি সেন্টারে যেতে হবে। এরপর এআই অ্যাট মেটা সেকশনটি নির্বাচন করে সাবমিট অ্যান অবজেকশন রিকয়েস্ট অপশনে যেতে হবে। সেখানে ই-মেইল ঠিকানা দিয়ে আপত্তির কারণ উল্লেখ করে অনুরোধ জমা দেওয়া যাবে। এরপর মেটা অনুরোধটি পর্যালোচনা করে, গ্রহণযোগ্য হলে সংশ্লিষ্ট তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের ক্ষেত্রে আপত্তিটি বিবেচনা করবে।

ইনস্টাগ্রামে এআই ব্যবহারের বিষয়ে যা করবেন

ইনস্টাগ্রামে মেটা এআইয়ের চ্যাট ও এআই-তৈরি পরামর্শের মতো সুবিধা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী সীমিত করা যায়। সেজন্য সেটিংস এন্ড এক্টিভিটি থেকে প্রথমে প্রাইভেসি সেন্টার নির্বাচন করতে হবে। এরপর এআই অ্যাট মেটা বিভাগে গিয়ে সাবমিট অ্যান অবজেকশন রিকুয়েস্ট নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনুরোধ পাঠানো যাবে। ফেসবুকের মতো ঠিক একইভাবে, অনুরোধটি পর্যালোচনা করে গ্রহণযোগ্য হলে সংশ্লিষ্ট তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার না করার ব্যবস্থা করবে মেটা।

হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারের ক্ষেত্রে যা করবেন

হোয়াটসঅ্যাপে মেটা এআই পুরোপুরি বন্ধ করার সুবিধা বর্তমানে নেই। তবে মেটা এআইয়ের চ্যাটে ঢুকে কথোপকথন না করা এবং এআই-তৈরি পরামর্শ বা টেক্সট উপেক্ষা করার মাধ্যমে এর সঙ্গে ব্যবহারকারীর তথ্য আদান-প্রদান সীমিত রাখা যায়। পাশাপাশি মেটা এআইয়ের চ্যাটের নোটিফিকেশন বন্ধ করলে নতুন বার্তা এলে ফোনে আর এআই-সংক্রান্ত নোটিফিকেশন দেখাবে না।