ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

চট্টগ্রামের দুটি বিপণিবিতানে ইন্টারনেট সেবা প্রদানে প্রতিবন্ধকতা ও একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার ঢাকায় বিটিআরসির প্রধান কার্যালয়ে মার্কেট কর্তৃপক্ষ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বৈঠকে বিটিআরসি নির্দেশ দিয়েছে, চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস বা অন্যান্য গ্রাহক বিটিআরসির অনুমোদিত ট্যারিফ অনুযায়ী তাদের পছন্দমতো যেকোনও বৈধ লাইসেন্সধারী আইএসপি থেকে সার্ভিস নিতে পারবেন। তবে ফাইবার কেবলের শৃঙ্খলা রক্ষায় মার্কেট দুটিকে সার্বিক সহযোগিতা করতে আইএসপিএবিকে নির্দেশ দেওয়া হয়। আইএসপিএবি জানায়, মেরিডিয়ান কোহিনূর সিটিতে সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহারের নামে ইন্টারনেট প্রদানকারীদের কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক আয়ের ৩৫ শতাংশ হারে ফি নেওয়া হচ্ছিল।

অন্যদিকে বালি আর্কেড কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট আইএসপি থেকে সংযোগ নিয়ে নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে গ্রাহকদের সরবরাহ করে সরাসরি বিল আদায় করছিল। বিটিআরসি স্পষ্ট জানিয়ে দেয়, কোনও ভবনে ইন্টারনেট সেবায় একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তৈরিতে কোনও আইএসপি সহযোগিতা করলে প্রচলিত আইন ও লাইসেন্সের শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, গ্রাহকের সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা ও সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।

সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ বলেন, আমরা আশা করি, বিটিআরসির নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মার্কেট ও স্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকের পছন্দের স্বাধীনতা এবং বৈধ আইএসপিগুলোর সমানভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করবে।