এআই চিপ কমপ্লেক্স নিজেরাই বানাবে টেসলা-স্পেসএক্স: মাস্ক

টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বুধবার জানিয়েছেন, তার কোম্পানিগুলো ‘টেরাফ্যাব’এআই চিপ কমপ্লেক্স নিজেই নির্মাণ ও পরিচালনা করবে। এক্ষেত্রে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) হয়তো এর একটি অংশ সাবলিজ বা উপভাড়া নিতে পারে।

টেরাফ্যাব হলো টেক্সাসে টেসলা ও স্পেসএক্সের যৌথভাবে পরিকল্পিত একটি প্রকল্প, যার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরির জন্য একটি বিশাল চিপ ফ্যাব বা কারখানা তৈরি করা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের জবাবে যেখানে বলা হয়েছিল সবচেয়ে সম্ভাব্য ফলাফল হতে পারে টিএসএমসি কারখানাটির মালিকানা ও পরিচালনার দায়িত্বে থাকা, সেখানে মাস্ক লিখেছেন, ‘না, আমরা ফ্যাবটি তৈরি করব এবং চালাব। এ নিয়ে সামান্যতম সন্দেহও যেন না থাকে’। তিনি আরও যোগ করেন, ‘টিএসএমসি চাইলে হয়তো টেরাফ্যাবের কিছু অংশ সাবলিজ নিতে পারে, তবে এর বেশি কিছু নয়’।

এর আগে গত সপ্তাহে মাস্ক জানান, টেরাফ্যাব প্রকল্পে টিএসএমসির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে বুধবার ইন্টেলের সিইও লিপ-বু তান ব্লুমবার্গ নিউজকে জানান, এই প্রকল্পের অংশীদার মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল এর সঙ্গে যুক্ত থাকবে। মাস্ক যখন এই চিপ তৈরির উদ্যোগের জন্য অংশীদারদের বিবেচনা করছেন, তখন টিএসএমসির যেকোনও ধরনের অংশগ্রহণ ইন্টেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টিএসএমসি ও ইন্টেল। 

সূত্র: রয়টার্স