গুগলের বিভিন্ন অ্যাপে ছড়িয়ে থাকা তথ্য খুঁজে দেবে জেমিনাই, ব্যবহার করবেন যেভাবে

জিমেইলে পুরোনো ই-মেইল, গুগল ফটোসে সংরক্ষিত ছবি কিংবা আগের কোনও ভ্রমণের তথ্য খুঁজতে অনেক সময় ব্যবহারকারীকে একাধিক অ্যাপ ঘাঁটতে হয়। এ কাজ সহজ করতে ব্যক্তিগত তথ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করার একটি সুবিধা রেখেছে গুগল। ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ নামে এই সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি নিয়ে জেমিনাই জিমেইল, গুগল ফটোস, গুগল সার্চ ও ইউটিউবের তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী উত্তর দিতে পারে। ফলে প্রতিটি প্রশ্নের সঙ্গে আলাদাভাবে প্রাসঙ্গিক তথ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা কমে আসে।

ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে উত্তর দেবে জেমিনাই

পারসোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে ডিভাইসে থাকা গুগলের বিভিন্ন অ্যাপের তথ্যের মধ্যে সংযোগ তৈরি করে জেমিনাই। যেমন- জিমেইলে সংরক্ষিত ভ্রমণের বুকিং নিশ্চিতকরণ বার্তা এবং গুগল ফটোসে থাকা আগের ভ্রমণের ছবি কাজে লাগিয়ে ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে পারে এআই সহকারীটি। এ ছাড়া গুগল ফটোসে নির্দিষ্ট ছবি খুঁজে দেওয়া, পুরোনো ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য বের করা কিংবা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বই ও ভ্রমণের গন্তব্যের পরামর্শ দেওয়ার মতো কাজও করতে পারে এটি। 

এ সুবিধা ব্যবহার করতে জেমিনাই অ্যাপের সেটিংস থেকে ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ নির্বাচন করে ‘কানেক্টেড অ্যাপস’ অপশনে যেতে হবে। এরপর ব্যবহারকারী ঠিক করতে পারবেন, কোন কোন গুগল অ্যাপের তথ্য জেমিনাই ব্যবহার করতে পারবে। সুবিধাটি চালু করা বাধ্যতামূলক নয়, প্রয়োজনে সংযুক্ত অ্যাপের অনুমতি পরিবর্তন বা সংযোগ বিচ্ছিন্নও করা যায়।

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে কী বলছে গুগল

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহারের বিষয়ে গুগল জানিয়েছে, জিমেইলের ইনবক্স বা গুগল ফটোসের ব্যক্তিগত ছবি বা ভিডিও সরাসরি তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। তবে জেমিনাইয়ের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথনের নির্দিষ্ট কিছু তথ্য ও উত্তরের নমুনা সেবা উন্নয়নে ব্যবহৃত হতে পারে। তাই ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার আগে সংযুক্ত অ্যাপ ও গোপনীয়তা সম্পর্কিত সেটিংস সতর্কতার সাথে যাচাই করে নেওয়া জরুরি।

পারসোনাল ইন্টেলিজেন্স সুবিধাটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিভিন্ন সমর্থিত অঞ্চলে বর্তমানে চালু রয়েছে। ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে জেমিনাইয়ের কাছে আরও প্রাসঙ্গিক উত্তর পেতে এবং বিভিন্ন অ্যাপে ছড়িয়ে থাকা তথ্য এক জায়গায় খুঁজে পেতে সুবিধাটি কাজে লাগবে। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে কোন কোন অ্যাপের তথ্য ব্যবহার করা যাবে, তা অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারণ করতে হবে।