চ্যাটজিপিটিতে ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয়ে চ্যাট অন্যের চোখে পড়ার আশঙ্কা কমাতে এবার নির্দিষ্ট চ্যাট পিন নম্বর দিয়ে লক করে রাখার সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন ‘লকড চ্যাটস’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচিত কথোপকথন সাধারণ চ্যাট হিস্ট্রি, পিন করা চ্যাট ও সার্চের ফলাফল থেকে আড়ালে রাখতে পারবেন। চার সংখ্যার পিন দিয়ে এসব চ্যাট খোলা যাবে। সমর্থিত মোবাইল ডিভাইসে ফেস আইডি, টাচ আইডি বা ডিভাইস আনলকের সুবিধাও ব্যবহার করা যাবে।
সুবিধাটি ব্যবহার করতে চ্যাটজিপিটির যে কথোপকথনটি লক করতে চান, সেটির পাশে থাকা তিন ডট মেনুতে ক্লিক করে ‘লক চ্যাট’ অপশন নির্বাচন করতে হবে। প্রথমবার এ সুবিধা ব্যবহারের সময় চার সংখ্যার একটি পিন তৈরি করে নিশ্চিত করতে হবে। এরপর ‘প্রজেক্টস’ বিভাগের ‘লকড চ্যাটস’ অংশে গিয়ে পিন দিয়ে সুরক্ষিত চ্যাটগুলো খোলা যাবে। একই অ্যাকাউন্টে সমর্থিত ডিভাইস ব্যবহার করলেও পিন দিয়ে এসব চ্যাটে প্রবেশ করা যাবে।
লক করা চ্যাট সাধারণ কথোপকথনের তালিকা, পিন করা চ্যাট এবং নিয়মিত চ্যাট সার্চের ফলাফলে দেখা যাবে না। ফলে অন্য কাউকে ফোন বা কম্পিউটার দেখানোর সময় ব্যক্তিগত কথোপকথন সহজে চোখে পড়ার আশঙ্কা কমবে।
নতুন সুবিধাটি চ্যাটজিপিটির ফ্রি, গো, প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডু প্ল্যানের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। তবে ধাপে ধাপে সুবিধাটি চালু হওয়ায় সবার অ্যাকাউন্টে একই সময়ে এটি নাও দেখা যেতে পারে। ডেস্কটপে নতুন ম্যাকওএস ও উইন্ডোজ অ্যাপের পাশাপাশি আইওএস ও অ্যান্ড্রয়েডে সুবিধাটি ব্যবহারের সুযোগ থাকবে।
তবে লকড চ্যাটকে সম্পূর্ণ নিরাপদ বা এনক্রিপ্ট করা আলাদা সংরক্ষণব্যবস্থা হিসেবে বিবেচনা করা যাবে না। এ সুবিধাটি চালু করলেই কথোপকথনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যুক্ত হয় না। একইভাবে, ওপেনএআইয়ের সার্ভারে তথ্য সংরক্ষণের নীতি কিংবা মডেল প্রশিক্ষণে তথ্য ব্যবহারের সেটিংসেও কোনও পরিবর্তন আসে না।
ওপেনএআই ব্যবহারকারীদের পিন ভুলে যাওয়ার বিষয়ে সতর্ক করে জানিয়েছে, পিন রিসেট করলে আগের পিন দিয়ে সুরক্ষিত সব লক করা চ্যাট, ফাইল ও অন্যান্য কনটেন্ট স্থায়ীভাবে মুছে যাবে। তাই পিন ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়টি স্মরণে রেখে, পিনটি সংরক্ষণ করতে হবে। এ ছাড়া টেম্পোরারি চ্যাট, আর্কাইভড চ্যাট, গ্রুপ চ্যাট, শেয়ার করা লিংক থেকে তৈরি কথোপকথন, নির্ধারিত কাজযুক্ত চ্যাট এবং সভার রেকর্ডিং থাকা চ্যাটে ‘লকড চ্যাটস’ সুবিধাটি ব্যবহার করা যাবে না। এই সুবিধাটি শুধুমাত্র ব্যাক্তিগত বা সংবেদনশীল কথোপকথনের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছে ওপেনএআই।