ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স একটি কর্মসূচি পরীক্ষা করছে, যেখানে মৌলিক ভিডিও পোস্টের জন্য নির্মাতাদের ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৭১ হাজার টাকা বোনাস দেওয়া হবে। ভিডিও কিকস্টার্ট বোনাস নামের এ কর্মসূচি বর্তমানে শুধু সীমিতসংখ্যক নির্মাতার জন্য উন্মুক্ত।
নির্মাতাদের নিয়মিত এক্সে ভিডিও প্রকাশে উৎসাহিত করাই কর্মসূচির লক্ষ্য। ভিউ বা দর্শকের সম্পৃক্ততার ওপর আয় নির্ভর করে, এমন অর্থ উপার্জন প্রকল্পের মতো এটি নয়। প্রচারণার সময়ে পোস্টের শর্ত পূরণকারী নির্মাতাদের জন্য এখানে অর্থ নির্দিষ্ট। বোনাসের যোগ্য হতে আমন্ত্রিত নির্মাতাদের ৩০ দিনের প্রচারণায় ১৫টি ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। প্রতিটি ভিডিও হতে হবে উল্লম্ব (রিলস) ফরম্যাটে, তিন মিনিটের কম দৈর্ঘ্যের এবং পোস্টদাতার নিজের তৈরি কনটেন্ট।
স্পেসএক্সএআইয়ের ক্রিয়েটর প্রোডাক্ট লিড আলেগ্রা জ্যাকিয়া এক্সে এক পোস্টে ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচির ঘোষণা দেন। তিনি নিশ্চিত করেছেন, কর্মসূচিটি পরীক্ষামূলক এবং শুধু আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের জন্য। প্রচারণায় অংশগ্রহণকারীদের ৩০ দিন নিয়মিত পোস্টের সূচি বজায় রাখতে হবে। তাদের অন্তত ১৫টি যোগ্য ভিডিও আপলোড করতে হবে, যেগুলো ১৫টি আলাদা দিনে ছড়ানো থাকবে। একই দিনে সব ভিডিও প্রকাশ করলে এ শর্ত পূরণ হবে না।
অন্য প্ল্যাটফর্মে শেয়ার করা ভিডিওও পোস্ট করতে পারবেন নির্মাতারা, তবে সেগুলোতে ওয়াটারমার্ক থাকা যাবে না। অন্য উৎসের উপাদানে অর্থবহ মৌলিক বক্তব্য যোগ করলে ধারাভাষ্য ভিডিও যোগ্য হতে পারে। অন্যের কনটেন্ট শুধু রিপোস্ট করলে মৌলিকতার শর্ত পূরণ না-ও হতে পারে।
যারা আবেদন করতে পারবেন
কর্মসূচিটি বর্তমানে শুধু আমন্ত্রণনির্ভর। আমন্ত্রণ পাওয়ার জন্য প্রকাশ্য যোগ্যতার মানদণ্ড ঘোষণা করেনি এক্স। নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার বা ভিউ থাকলেই স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হওয়া যাবে, এমনটা ধরে নেওয়া যাবে না। আমন্ত্রণ পাওয়া নির্মাতারা ক্রিয়েটর স্টুডিওর প্রোগ্রামস অংশে কর্মসূচিটি পাবেন, যেখানে তারা নাম নথিভুক্ত করতে পারবেন।
বোনাস পেতে অংশগ্রহণকারীদের ন্যূনতম ভিউ বা সম্পৃক্ততার কোনও শর্তও দেয়নি এক্স। মূল শর্ত হলো প্রচারণার সময়ে নির্ধারিত সংখ্যক যোগ্য ভিডিও প্রকাশ করা। এক্সের আলাদা অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস কর্মসূচির জন্য জানানো কিছু যোগ্যতার শর্ত ভিডিও কিকস্টার্ট বোনাসে প্রযোজ্য নয়। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ যাচাইকৃত ফলোয়ার এবং ৫ লাখ ইম্প্রেশন। নির্মাতাদের দুই কর্মসূচির শর্ত গুলিয়ে ফেলা উচিত নয়।
সময়সীমা ও আমন্ত্রণের বিবরণ
জ্যাকিয়ার তথ্য অনুযায়ী, ঘোষণার পরের দিনগুলোতে নির্বাচিত নির্মাতাদের আমন্ত্রণ পাঠাচ্ছে এক্স। পাইলটে যোগ দিতে আমন্ত্রিত নির্মাতাদের ৩০ অক্টোবরের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। অংশগ্রহণকারীদের জন্য অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস-এ যাওয়ার দ্রুত পথও রয়েছে। আলাদা ওই কর্মসূচির নিয়ম সাপেক্ষে এক্সের মাধ্যমে আরও আয়ের সুযোগ খতিয়ে দেখার সম্ভাবনা এতে তৈরি হতে পারে। তবে ভিডিও কিকস্টার্ট বোনাসের আমন্ত্রণ পাওয়ার অর্থ এই নয় যে নির্মাতারা পোস্টের শর্ত উপেক্ষা করতে পারবেন। অর্থ পেতে হলে প্রচারণার শর্ত তাদের পূরণ করতেই হবে।
নির্মাতারা কত টাকা পাবেন
কর্মসূচির শর্ত পূরণকারী নির্মাতাদের নির্দিষ্ট ৩ হাজার ডলার বোনাস দিচ্ছে এক্স, যা প্রায় ৩ লাখ ৭১ হাজার টাকার সমান। ভিডিওর ভিউ বা লাইকের সংখ্যার সঙ্গে এ বোনাসের সম্পর্ক নেই। বরং ৩০ দিনের প্রচারণায় ১৫টি আলাদা দিনে অন্তত ১৫টি যোগ্য ভিডিও প্রকাশ করতে হবে। এটি অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস থেকে আলাদা, যেখানে এক্স প্রিমিয়াম গ্রাহকদের সম্পৃক্ততা আয় নির্ধারণে ভূমিকা রাখে। আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের জন্য ভিডিও কিকস্টার্ট বোনাস প্ল্যাটফর্মটিতে আয়ের একটি সুনির্দিষ্ট লক্ষ্য দেয়। তবে কর্মসূচিটি এখনও পাইলট পর্যায়ে থাকায় আরও নির্মাতার জন্য এর সুযোগ বাড়ানো হবে কি না বা তা সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা জানায়নি এক্স।
সূত্র: নিউজ১৮