পাসওয়ার্ড ছাড়াই এআই এজেন্টের লগইন, ‘ওয়ান পাসওয়ার্ডে’র নতুন ফিচার

এআই এজেন্টকে দিয়ে অনলাইনে কেনাকাটা, টিকেট বুকিং কিংবা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করাতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্যসহ পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করতে হয়। এই প্রক্রিয়ায় এআই এজেন্টের কাছে সেই তথ্য বা পাসওয়ার্ডের অ্যাক্সেস থেকে যায়, যা পরবর্তীতে নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এ সমস্যা সমাধানে ‘১পাসওয়ার্ড ফর এজেন্টস’নামে নতুন সেবা চালু করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান ১পাসওয়ার্ড। এর মাধ্যমে এআই এজেন্ট বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবে, তবে সংরক্ষিত পাসওয়ার্ড সরাসরি দেখতে বা সংগ্রহ করতে পারবে না।

১পাসওয়ার্ড মূলত একটি পাসওয়ার্ড ম্যানেজার, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবার পাসওয়ার্ড এবং অন্যান্য গোপন তথ্য নিরাপদে সংরক্ষণ করতে পারেন। এআই এজেন্টকে দিয়ে কোনও ওয়েবসাইটে কাজ করাতে হলে ব্যবহারকারীকে হয় নিজে অ্যাকাউন্টে লগইন করতে হয়, নয়তো এজেন্টের চ্যাটে পাসওয়ার্ড লিখে দিতে হয়। দ্বিতীয় পদ্ধতিতে পাসওয়ার্ডের অনুলিপি এআই ব্যবস্থার কাছে থেকে যাওয়ার আশঙ্কা থাকে। এ ঝুঁকি এড়াতে ব্যবহারকারীর অনুমতি নিয়ে পাসওয়ার্ড গোপন রেখেই এআই এজেন্টকে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দেবে ১পাসওয়ার্ডের নতুন প্ল্যাটফর্মটি।

১পাসওয়ার্ড ফর এজেন্টসের মাধ্যমে কোনও ওয়েবসাইটে লগইন করতে হলে এআই এজেন্ট প্রথমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের অনুমতি চাইবে। ব্যবহারকারী নিজের ডিভাইসে অনুরোধটি পর্যালোচনা করে কোন অ্যাকাউন্টের তথ্য এবং কী কারণে প্রয়োজন, তা দেখতে পারবেন। অনুমতি দেওয়া হলে ১পাসওয়ার্ড সরাসরি সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন ফর্মে পাসওয়ার্ড বসিয়ে দেবে। ফলে পাসওয়ার্ডটি এআই এজেন্টের কাছে পাঠানোর প্রয়োজন হবে না। লগইন সম্পন্ন হলে এজেন্টের নাগালের বাইরে রাখা হবে পাসওয়ার্ডটি, যাতে সেটি পড়তে বা পুনরায় ব্যবহার করতে না পারে।

প্রতিটি সেশনে ব্যবহারের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হয়, যা নির্দিষ্ট অ্যাকাউন্টের অনুমোদিত তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং পরবর্তী সেশনে কার্যকর থাকে না। ১পাসওয়ার্ডের নিয়ন্ত্রিত নিরাপদ চ্যানেলের মাধ্যমে পাসওয়ার্ড ও একবার ব্যবহারযোগ্য মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) কোড সরবরাহ করা হয়। ফলে এসব তথ্য সরাসরি এআই মডেলের কাছে প্রকাশিত হয় না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে মেটার মিউজ, ক্লড ডুয়েট, চ্যাটজিপিটি ওয়ার্ক ও ডটস, গ্রক বট এবং টাউনে ১পাসওয়ার্ড ব্যবহার করা যায়। এসব এআই এজেন্টের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের অনুমতি দিতে পারবেন ব্যবহারকারীরা।

১পাসওয়ার্ডের দাবি, এ প্রক্রিয়ায় পাসওয়ার্ড, ব্যবহারকারীর নাম ও এমএফএ কোড এআই এজেন্টের নাগালের বাইরে থাকে। ফলে এসব গোপন তথ্য এআই মডেলের মাধ্যমে ফাঁস হওয়ার ঝুঁকি কমে।

১পাসওয়ার্ড ফর এজেন্টস ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। ১পাসওয়ার্ড ডটকমে থাকা ব্যক্তিগত ও পারিবারিক অ্যাকাউন্টের গ্রাহকেরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে বর্তমানে ১পাসওয়ার্ড.ইইউ ও ১পাসওয়ার্ড.সিএতে নিবন্ধিত অ্যাকাউন্টের জন্য সুবিধাটি চালু হয়নি। এ ছাড়া বিভিন্ন এআই এজেন্টের সঙ্গে সংযোগের সুবিধা পর্যায়ক্রমে চালু হচ্ছে, তাই সব প্ল্যাটফর্মে এটি ব্যবহারের সুযোগ একসঙ্গে পাওয়া যাবেনা।