পিএইচপির নিরাপত্তা ত্রুটির কারণে সিস্টেম হালনাগাদ ও নিরাপত্তা জোরদার করতে বন্ধ রাখা হয়েছে সরকারি সেবার কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd)। রবিবার (২৫ অক্টোবর) রাত থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সোমবার একাধিকবার প্রবেশের চেষ্টা করেও সাইটটি সচল পাওয়া যায়নি। এ সময় ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যায়।
এ বিষয়ে অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) সিনিয়র কনসালট্যান্ট (ন্যাশনাল পোর্টাল) এবং ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট-১-এর ক্লাস্টার হেড ফজলুল জাহিদ পাভেল বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা ও সিস্টেম হালনাগাদের কাজের জন্য মাইগভ সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা আরও জোরদার করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ করতে প্রযুক্তি দল কাজ করছে।
তিনি বলেন, গত ২২ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটি নিয়ে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত হালনাগাদ ও রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। আগামী ২৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ কাজ চলবে।
মাইগভের মাধ্যমে সরকারি বিভিন্ন দফতরের নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এ সেবার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দফতরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমে আসে।
এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৪৪০টি সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। মাইগভের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এসব সেবার জন্য আবেদন করা যায়।
এটুআই সূত্রে জানা গেছে, প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সেবা নেন। ফলে ওয়েবসাইটটি বন্ধ থাকায় এসব সেবা নিতে আসা মানুষের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।