ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব

আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সড়ক ও সেতু ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে চীনের হ্যনান প্রদেশে অবস্থিত কুয়ানতু ইয়েলো নদী সেতুতে। ২০১৯ সালে চালু হওয়া ৮ লেনের এই সেতুটি রক্ষণাবেক্ষণে প্রথাগত পদ্ধতির ধীরগতি দূর করতে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ স্মার্ট অপারেশন মডেল চালু করা হয়েছে।

সেতুটির সার্বক্ষণিক নিরাপত্তা ও নিখুঁত তদারকিতে চালু করা হয়েছে ড্রোন টহল ও ভূ-নজরদারি ব্যবস্থা। দুই ধরণের ড্রোনের মাধ্যমে সেতুটির থ্রিডি মডেলিং, সড়ক পরীক্ষা এবং দীর্ঘ দূরত্বের নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

এছাড়া, ডিজিটাল টুইন প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেতুর পুরো কাঠামো তৈরি করে এবং রাডার-ভিশন ডিভাইসের সাহায্যে কুয়াশা বা রাতেও যেকোনো ধরণের দুর্ঘটনা ও অবৈধ পার্কিং চিহ্নিত করে সঙ্গে সঙ্গে নিখুঁত অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে।

হ্যনান প্রদেশ ইতিমধ্যে চীনের নিজস্ব ‘বেইতৌ’ নেভিগেশন স্যাটেলাইট এবং লেজার ম্যাপিং ব্যবহার করে তাদের ৩১ হাজার কিলোমিটার মহাসড়কের তথ্যভিত্তিক ডিজিটাল ফাউন্ডেশন তৈরি করেছে।

হ্যনানের এই প্রযুক্তিগত অগ্রগতি চীনের পরিবহন খাতের বৃহত্তর এআই-সংযোজনেরই একটি অংশ। চীনের পরিবহনমন্ত্রী লিউ ওয়েই জানান, দেশে ৭,৮০০ কিলোমিটারেরও বেশি এক্সপ্রেসওয়েকে স্মার্ট প্রযুক্তির আওতায় আনা হয়েছে এবং সাড়ে ৭ শতাধিক বড় সেতুর ওপর জাতীয় পর্যায় থেকে নজরদারি নিশ্চিত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তির এই ব্যবহারের ফলে চীনের যাতায়াত ও পরিবহন ব্যবস্থা দ্রুত আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও সবুজবান্ধব উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র: সিএমজি