এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার

প্রযুক্তি শিল্পে গত কয়েক মাসে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রবণতা জনপ্রিয় হয়ে উঠছে। মাইক্রোসফট ও গুগলের পথ ধরে এবার মেটাও কর্মীদের বড় অঙ্কের সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণ দিয়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।

ফরাসি প্রকাশনা ‘লা লেত্রে’এর প্রতিবেদন অনুযায়ী, মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি ফ্রান্সে তাদের কর্মীদের জন্য এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ চালু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে মেটার ৩০০ জন কর্মী রয়েছে এবং এই পরিকল্পনাটির প্রভাবে প্রায় ১০০ জন কর্মী চাকরি হারাতে পারেন। তবে কোন পদের কর্মীরা এর আওতাধীন হবেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত যৌথ চুক্তিভিত্তিক অবসান প্রক্রিয়াটি গত জুলাই মাস থেকে আলোচনাধীন রয়েছে। মেটার প্রস্তাবিত শর্ত অনুযায়ী, কর্মীদের চাকরির প্রতি বছরের জন্য আড়াই মাসের মূল বেতন দেওয়া হবে। এছাড়া তারা ১০ মাসের গতিশীলতা ছুটি পাবেন, যার জন্য তাদের মোট বেতনের ৮০ শতাংশ পরিশোধ করা হবে।

প্রতিবেদনে জানা গেছে, মেটা পেশাগত পুনর্বাসন বা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও কর্মীদের সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তথ্যটি সঠিক হলে এটি বর্তমান সময়ের অন্যতম উদার সেভারেন্স অফারগুলোর একটি হতে পারে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ক্যানভা তাদের ১,২৭০ জন ছাঁটাই হওয়া কর্মীকে ফ্রি ম্যাকবুক এবং লিংকডইন প্রিমিয়ামসহ একটি বড় সেভারেন্স প্যাকেজ দিয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বড় প্রযুক্তি কোম্পানিগুলো যখন তাদের কর্মীদের নতুনভাবে সাজাচ্ছে, তখনই এই পরিকল্পনা সামনে এল। এর অংশ হিসেবে গুগল ফ্রান্সসহ পাঁচটি দেশের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছে। আর মাইক্রোসফট যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যের ৬০ হাজার যোগ্য কর্মীকে নিয়ে একটি বাইআউট কর্মসূচি ঘোষণা করেছে।

মেটার কর্মীর সংখ্যা কমানোর এই প্রস্তাবের পেছনে রয়েছে কোম্পানিটির আগের বড় ধরনের ছাঁটাই পরিকল্পনা। গত এপ্রিলে কোম্পানিটি বিশ্বব্যাপী তাদের মোট কর্মীর ১০ শতাংশ বা প্রায় ৮,০০০ পদ বিলুপ্ত করার পরিকল্পনা ঘোষণা করেছিল। এরপর মে মাসে কোম্পানিটি ৭,০০০ কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সংযুক্ত কার্যক্রমে পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেয়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এর আগে জানিয়েছেন, এআই এখন এমন সব প্রজেক্ট একা সম্পন্ন করার সুযোগ করে দিচ্ছে, যার জন্য আগে বড় দলের প্রয়োজন হতো।

ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টারের জন্য ২০২৬ সালে ১৩৫ বিলিয়ন থেকে ১৪৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের আশা করছে মেটা। একই সঙ্গে তারা ‘মিউজ’-এর মাধ্যমে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরিতেও জোর দিচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে