‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প

চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংকে নিয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই তদন্ত করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক আকস্মিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তবে হুয়াংয়ের জন্য নিজের উদ্বেগের কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, ওই নারী যে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন, সে বিষয়ে হুয়াংয়ের কোনও ধারণাই ছিল না।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আশা করি কোনও সমস্যা হবে না। আমি জানি এফবিআই অন্য কোনও বিষয়ের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে। আমার মনে হয় তিনি ভালো অবস্থাতেই থাকবেন।

তিনি আরও বলেন, আমি জেনসেনকে খুব ভালোভাবেই চিনি। আমি জানি তিনি একজন অত্যন্ত সম্মানযোগ্য মানুষ। তিনি একটি দুর্দান্ত আমেরিকান কোম্পানি গড়ে তুলেছেন। আমি মনে করি তিনি একজন অত্যন্ত সম্মানযোগ্য ব্যক্তি।

গত মাসেই হুয়াংকে ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ প্রদানকারী ট্রাম্প বলেন, হুয়াং কেমন আছেন তা জানতে তিনি সোমবার তার সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি তাকে প্রশ্ন করেছিলাম- ওই ব্যক্তি যে একজন গুপ্তচর, সে বিষয়ে কি আপনার কোনও ধারণা ছিল? তিনি জবাব দিয়েছিলেন, তিনি যে গুপ্তচর, সে বিষয়ে আমার কোনও ধারণাই ছিল না। আমি তাকে সত্যিই বিশ্বাস করি’।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুয়াং ও তার পরিবার, বিশেষ করে ‘তিনি যাকে ভালোবাসেন সেই তার স্ত্রী’, এই পরিস্থিতির কারণে কষ্ট পাচ্ছেন। 

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ করা সিঙ্গাপুরভিত্তিক এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনভিডিয়ার বোর্ড। এনভিডিয়া বিশ্বের কিছু অত্যন্ত শক্তিশালী কম্পিউটার চিপ তৈরি করায় হুয়াংয়ের এই সম্পর্ক জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওই বৈঠকে তিনি নিজে থেকে এই বিষয়টি তুলবেন বলে আশা করেন না, তবে শি জিনপিং তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। এশিয়া-পেসিক ইকনোমিক কোঅপারেশন সামিটের ফাঁকে আগামী সপ্তাহে চীনের শেনজেন শহরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

সূত্র: উইয়ন নিউজ