নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান

ফোনালাপে পারসিয়ান ভাষার কথোপকথন শনাক্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি তৈরি করেছেন ইরানের এক গবেষক। তুলনামূলক মূল্যায়নে প্রযুক্তিটি গুগলের স্পিচ রিকগনিশন ব্যবস্থাসহ আন্তর্জাতিক পর্যায়ের কয়েকটি সেবার চেয়ে ভালো ফল করেছে।

ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট সিস্টেমস অনুষদের শিক্ষক হাদি ভাইসি এ প্রযুক্তি তৈরি করেছেন। টেলিফোনে কথোপকথনের সময় পারসিয়ান ভাষা শনাক্তের বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এটি তৈরি করা হয়েছে। ভাইসি বলেন, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব ফোনালাপের তথ্য ব্যবহার করে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।

তিনি জানান, বিভিন্ন অঞ্চলের উপভাষা ও উচ্চারণের নমুনাসহ স্থানীয়ভাবে সংগৃহীত তথ্য ব্যবহারের ফলে দেশটির ভাষাগত বৈশিষ্ট্য এবং ফোনালাপের বাস্তব পরিস্থিতির সঙ্গে প্রযুক্তিটি ভালোভাবে খাপ খাইয়ে নিতে পেরেছে। ভাইসির ভাষ্য, স্থানীয় এসব তথ্য বিভিন্ন অঞ্চলে পারসিয়ান ভাষা যেভাবে কথ্যরূপে ব্যবহৃত হয়, তা বুঝতে প্রযুক্তিটিকে উল্লেখযোগ্য সুবিধা দিয়েছে।

বর্তমানে স্মার্টফোনভিত্তিক সহকারী ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় গ্রাহকসেবা কার্যক্রমে ইরানের কয়েকটি প্রতিষ্ঠান প্রযুক্তিটি ব্যবহার করছে। এ প্রযুক্তি দেশটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়ে তোলা এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখছে। পারসিয়ান ভাষা, এর বিভিন্ন উপভাষা ও স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় তৈরি হওয়ায় এটি ভাষাটিতে বুদ্ধিমান ডিজিটাল সেবা তৈরির সুযোগও বাড়াচ্ছে।

সূত্র: মেহের নিউজ