ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি উত্তর কোরীয় হ্যাকারদের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৬:০৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:০৬

ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয় চুরি করে ৪০ কোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, গত ১৮ মাসে এ প্রতারণার শিকার হয়েছেন ৯০০ জনের বেশি মানুষ। সংস্থাটি এই সাইবার প্রতারণার নাম দিয়েছে ‘ফেসস্টিলার’।

এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান বলেন, উত্তর কোরিয়ার সরকার তাদের অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নে বড় পরিসরের ক্রিপ্টোকারেন্সি চুরির অর্থের ওপর নির্ভর করে। সাম্প্রতিক বছরগুলোতে তারা কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে।

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স হ্যাকারদের মাধ্যমে রেকর্ড ৬৩০ কোটি ডলার হারানোর তথ্য প্রকাশের এক সপ্তাহ পর এ ঘটনা সামনে এলো। ভুয়া চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে বাইন্যান্সের অর্থ চুরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ওই হামলার জন্য উত্তর কোরিয়াসংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করেছে। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসস্টিলার প্রতারণার লক্ষ্য মূলত ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব থ্রি খাতে কর্মরত ব্যক্তিরা। বিশেষ করে ওপেন সোর্স সফটওয়্যারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে।

এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ভুয়া অথবা হ্যাক করা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে সম্ভাব্য শিকারদের ভিডিও কলে আমন্ত্রণ জানায়। এসব কলের জন্য জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণ ব্যবহার করা হয়। এরপর লক্ষ্যবস্তুর পরিচিত ব্যক্তিদের আগের ভিডিও কলের রেকর্ড করা ফুটেজ চালানো হয়। এতে কলটি আসল বলে মনে হয়। তবে কথোপকথনের সময় অডিওতে সমস্যা দেখা দেয়।

এ পর্যায়ে পর্দায় একটি বার্তা ভেসে ওঠে। সেখানে অডিও ঠিক করতে একটি লিংকে ক্লিক করতে বলা হয়। ওই লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার ডাউনলোড হয়। এর মাধ্যমে হ্যাকাররা তার যোগাযোগের তালিকা ও বিভিন্ন অ্যাপে প্রবেশাধিকার পায়। ফলে নতুন সম্ভাব্য ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ভাষ্য, হ্যাকাররা গোপনে এসব ভিডিও কল রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ডিং ব্যবহার করেই নতুন ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলা হয়। এফবিআই ফেসস্টিলারকে অত্যন্ত কার্যকর সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে, প্রযুক্তি ও নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ ব্যবহারকারীরাও এ কৌশলে প্রতারিত হতে পারেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, এটি আমাদের বহুল ব্যবহৃত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম এবং মূল্যবান ব্যক্তিগত সম্পর্কের ওপর থাকা আস্থাকে কাজে লাগায়। তিনি আরও বলেন, আপনি যদি মনে করেন, এমন কোনও পরিস্থিতি নেই যেখানে আপনি এর শিকার হতে পারেন, তাহলে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে ভাবছেন না।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
এবার চ্যাটজিপিটিতেই খুঁজে পাবেন ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য
ফেসবুকে অপ্রয়োজনীয় অ্যাপের ঝুঁকি এড়াবেন যেভাবে
সর্বশেষ খবর
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ