গেম খেলে ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ, অংশ নিতে যা করতে হবে

ভিডিও গেম খেলে বছরে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে প্রেডিকশন মার্কেটভিত্তিক প্রতিষ্ঠান কালশি। তবে এ জন্য শুধু গেম খেললেই হবে না, আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) খেলার পাশাপাশি এর কাল্পনিক অর্থনীতি বিশ্লেষণ করতে হবে। প্রতিষ্ঠানটি এ কাজের জন্য একজন পূর্ণকালীন গবেষক খুঁজছে।

বৃহস্পতিবার লিংকডইনে দেওয়া এক পোস্টে কালশি এ নিয়োগের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির গ্রোথ বিভাগের প্রধান ক্রিস তানাসেস্কু লেখেন, এটি সত্যিকারের চাকরি। আমরা এমন কাউকে খুঁজছি, যার মা-বাবা বলেছিলেন ভিডিও গেম খেলে কখনও সংসার চলবে না। তারা ভুল ছিলেন আমাদের পক্ষ থেকে তাদের তা জানিয়ে দিতে পারেন।

কালশির দেওয়া তথ্য অনুযায়ী, জিটিএ ৬ রিসার্চার পদে বার্ষিক ১ লাখ ২০ হাজার ডলার বেতন দেওয়া হবে। প্রকল্প শেষ হওয়ার ভিত্তিতেও এই পারিশ্রমিক দেওয়া হতে পারে। এর সঙ্গে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

তবে নিয়োগের বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যায়নি। প্রতিষ্ঠানটির কর্মীরা প্রকাশ্যে চাকরির প্রস্তাবটিকে বাস্তব বলে দাবি করলেও, কাউকে সত্যিই এ কাজের জন্য নিয়োগ দেওয়া হবে কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য জেরুজালেম পোস্ট।

কী কাজ করতে হবে?

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর অন্তত তিন বছরের স্ট্রিমিং অভিজ্ঞতা থাকতে হবে। তাকে ১৯ নভেম্বর গেমটি মুক্তির দিন মধ্যরাত থেকে খেলা শুরু করতে হবে এবং কাহিনি শেষ না হওয়া পর্যন্ত খেলতে হবে। পুরো সময়ের খেলা সরাসরি সম্প্রচার করতে হবে। পাশাপাশি গেমের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার অর্থনীতি বিশ্লেষণ করে একটি মডেল তৈরি করতে হবে।

কালশির ভাষ্য, গবেষককে গেমটির অর্থনৈতিক কার্যক্রম অনুসন্ধানের পাশাপাশি বাস্তব অর্থনীতিতে এর মুক্তির প্রভাবও বিশ্লেষণ করতে হবে। এর মধ্যে রয়েছে গেম খেলার জন্য কত মানুষ কর্মস্থলে অসুস্থতার ছুটি নিয়েছেন, খাবার সরবরাহ করে কত অর্থ আয় হয়েছে এবং যুক্তরাষ্ট্রে কর্মঘণ্টা ও উৎপাদনশীলতার কতটা ক্ষতি হয়েছে।

তানাসেস্কু বলেন, গবেষককে জিটিএ ৬-এর জগৎ ও বাস্তব অর্থনীতি দুই ক্ষেত্রেই তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি লিওনিডার অর্থনীতি নিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করতে হবে।

এই কাজের চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি মিন-ম্যাক্স গাইড তৈরি করা, যার মাধ্যমে খেলোয়াড়েরা সবচেয়ে দক্ষ উপায়ে গেমটি শেষ করতে পারবেন এবং এর বিভিন্ন কৌশলও জানতে পারবেন।

স্ট্রিমারদের পারিশ্রমিকের সঙ্গে তুলনা

চাকরির বেতন কালশির কনটেন্ট নির্মাতাদের দেওয়া পারিশ্রমিকের কাছাকাছি। বেতন পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ইনডিডের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কালশির কনটেন্ট নির্মাতারা বছরে গড়ে প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার পান। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ শীর্ষ ইনফ্লুয়েন্সারদের পারিশ্রমিক বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে শীর্ষ স্ট্রিমারদের সর্বোচ্চ পারিশ্রমিকের তথ্য প্রকাশ্যে নেই। অন্যদিকে, কিছু ইনফ্লুয়েন্সারকে বছরে ৫৪ হাজার ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়ার তথ্যও রয়েছে।

গেমের মুক্তিতে অর্থনীতিতে প্রভাবের আশঙ্কা

জিটিএ ৬-এর মুক্তির দিনে যুক্তরাষ্ট্রে উৎপাদনশীলতার বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, গেমটি খেলার জন্য সেদিন দেশটিতে ১০ লাখের বেশি মানুষ অসুস্থতার ছুটি নিতে পারেন। এতে উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। কিছু প্রতিষ্ঠান কর্মীদের গেমটি খেলার জন্য ছুটিও দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে গেমটির আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে ১ কোটির বেশি কপি বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার এর উন্নয়ন ও বিপণনে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। মুক্তির পর গেমটি থেকে ৩২০ কোটি থেকে ৭০০ কোটি ডলার পর্যন্ত আয় হবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট