কোনও বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজতে গিয়ে একসঙ্গে একাধিক শর্ত উল্লেখ করা, বিভিন্ন বিকল্পের মধ্যে তুলনা করা কিংবা নির্দিষ্ট কিছু বিষয় মিলিয়ে উত্তর চাওয়া হলে সাধারণ সার্চে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে একাধিকবার অনুসন্ধান করতে হয়। ব্যবহারকারীর এমন জটিল ও বহুস্তরবিশিষ্ট প্রশ্নের উত্তর আরও সহজে দিতে গুগল সার্চে নতুন এআই মডেল যুক্ত করা হয়েছে। ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’নামের মডেলটি প্রশ্নের বিভিন্ন অংশের অর্থ বুঝে একসঙ্গে একাধিক অনুসন্ধান চালাতে এবং সেগুলোর তথ্য সমন্বয় করে আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।
নতুন মডেলটির মাধ্যমে গুগল সার্চে ব্যবহারকারীর প্রশ্নের উদ্দেশ্য বোঝার সক্ষমতা বাড়বে। আগে কোনও প্রশ্নের একাধিক অংশ থাকলে সেগুলোর প্রত্যেকটির জন্য আলাদা করে সার্চ করতে হতো। এখন ব্যবহারকারী নিজের স্বাভাবিক ভাষায় পুরো প্রশ্নটি একবারেই করতে পারবেন। এমনকি প্রশ্নে অস্পষ্ট নির্দেশনা, নির্দিষ্ট শর্ত কিংবা বানান ভুল থাকলেও সেগুলোর অর্থ বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে মডেলটি। এতে প্রশ্নের প্রতিটি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য খুঁজে পাওয়া আরও সহজ হবে।
এ জন্য সার্চে ব্যবহৃত ‘কোয়েরি ফ্যান-আউট’পদ্ধতিকে আরও উন্নত করেছে গুগল। এ পদ্ধতিতে ব্যবহারকারীর করা একটি জটিল প্রশ্নকে কয়েকটি ছোট ও নির্দিষ্ট সার্চে ভাগ করা হয়। এরপর প্রতিটি সার্চের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো সমন্বিতভাবে উপস্থাপন করা হয়। যেমন, কেউ ভ্রমণের জন্য নির্দিষ্ট বাজেট, যাতায়াতের সময়, আবহাওয়া ও দর্শনীয় স্থান বিবেচনায় রেখে গন্তব্য খুঁজতে চাইলে সার্চ এসব বিষয় আলাদাভাবে বিশ্লেষণ করে প্রাসঙ্গিক ওয়েবসাইট ও তথ্য একত্র করতে পারবে। এতে সাধারণ সার্চে সহজে খুঁজে পাওয়া যায় না, এমন প্রাসঙ্গিক ওয়েবসাইটের তথ্য ও লিংকও সামনে আসার সম্ভাবনা বাড়বে।
উত্তর উপস্থাপনের ধরনেও পরিবর্তন আসছে। প্রশ্নের ধরন অনুযায়ী গুগল সার্চের ‘এআই মোডে’ আরও বেশি ছবি, সাজানো তথ্য, তুলনামূলক চার্ট ও ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তৈরি বিশেষ টুল দেখানো হবে। এতে বিভিন্ন পণ্য, সেবা কিংবা ভ্রমণ গন্তব্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করা সহজ হবে। পাশাপাশি এআই মোডে সমর্থিত বিভিন্ন ভাষায় প্রশ্নের অর্থ আরও ভালোভাবে বুঝে বিস্তারিত উত্তর দেওয়ার সক্ষমতাও বাড়ানো হয়েছে।
গুগলের ভাষ্য, জেমিনি ৪ হাইড্রোজেন আগের দ্রুতগতির মডেল জেমিনি ৩.৮ ফ্ল্যাশের তুলনায় আড়াই গুণ দ্রুত কাজ করতে সক্ষম। মডেলটি শুধু সার্চের জন্য নয়, কোড লেখা, পরীক্ষা চালানো ও কোডের পরিবর্তন যাচাইয়ের মতো কাজেও ব্যবহার করা যাবে। প্রয়োজনে জেমিনি ৪ কার্বন ও জেমিনি ৪ আর্গন মডেলের সঙ্গে সমন্বয় করেও এটি কাজ করতে পারবে।
নতুন মডেলটি বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য গুগল সার্চে চালু করা হচ্ছে। পাশাপাশি গুগল এআই স্টুডিও, জেমিনি এপিআই ও জেমিনি অ্যাপেও এটি যুক্ত হচ্ছে। গুগলের অ্যান্টিগ্র্যাভিটি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরাও মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন।