ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই

আগে অনলাইনে কেনাকাটার জন্য ক্রেতারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-কমার্স সাইটে পছন্দের পণ্য খুঁজে তার দাম ও বৈশিষ্ট্য যাচাই করতেন। তবে বর্তমানে একাধিক ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে পছন্দের পণ্য খোঁজার ঝামেলা এড়াতে অনেকেই সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সহায়তা নিচ্ছেন। এবার সেই অভিজ্ঞতাকে আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামে নতুন পেমেন্ট সুবিধা চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক কার্ডের তথ্য যুক্ত করে চ্যাটজিপিটির এআই এজেন্টের সাহায্যে পণ্য কেনার পাশাপাশি অর্থ পরিশোধও করতে পারবেন। তবে প্রতিটি কেনাকাটার চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকেই।

ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন সুবিধাটি তাদের ‘ডটস’ এআই এজেন্টের সঙ্গে কাজ করবে। ব্যবহারকারী একবার ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য যুক্ত করলেই পরবর্তী সময়ে কেনাকাটার সময় বারবার কার্ডের তথ্য দিতে হবে না। এআই এজেন্ট ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী পণ্য খুঁজে বের করার পাশাপাশি কেনাকাটার প্রক্রিয়াও প্রস্তুত করবে। তবে অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট মূল্য এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা ব্যবহারকারীকে দেখানো হবে। সব তথ্য যাচাই করে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনুমোদন দিলেই কেবল লেনদেন সম্পন্ন হবে।

কার্ডের তথ্য সুরক্ষায়ও বিশেষ ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি লেনদেনের সময় প্রকৃত কার্ড নম্বরের পরিবর্তে একটি ‘পেমেন্ট টোকেন’ ব্যবহার করা হবে। এটি মূল কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে কেনাকাটার ওয়েবসাইট কিংবা এআই এজেন্ট, কেউই ব্যবহারকারীর প্রকৃত কার্ড নম্বর, নিরাপত্তা কোড বা মেয়াদসংক্রান্ত তথ্য দেখতে পারবে না। এ ছাড়া প্রতিটি কেনাকাটার ক্ষেত্রে দেওয়া অনুমোদনের তথ্যও আলাদাভাবে সংরক্ষণ করা হবে।

নতুন সুবিধাটি চালু করতে ওপেনএআই আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্ব করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজস্ব কার্ডের প্রচলিত রিওয়ার্ড পয়েন্ট ও নির্দিষ্ট ক্ষেত্রে লেনদেনসংক্রান্ত সুরক্ষাসুবিধাও আগের মতোই পাবেন। তবে অর্থ পরিশোধের অনুমোদন দেওয়ার আগে পণ্যের দাম ও বিবরণ অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ এআই এজেন্টের দেওয়া পণ্যের তথ্য বা নির্বাচনে নির্ভুলতার নিশ্চয়তা নেই।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী ‘চ্যাটজিপিটি প্রো’ গ্রাহকদের জন্য সুবিধাটি চালু হচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ইস্যু করা সমর্থিত কার্ড ব্যবহার করতে হবে। বর্তমানে প্রতিটি কেনাকাটায় ব্যবহারকারীর অনুমোদন বাধ্যতামূলক। ভবিষ্যতে নির্দিষ্ট খরচের সীমা, পণ্যের ধরন কিংবা সময়সীমা নির্ধারণ করে এআই এজেন্টকে আগাম অনুমোদনের মাধ্যমে কেনাকাটার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে ওপেনএআইয়ের।