গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়

স্মার্টফোনে বিভিন্ন নতুন অ্যাপ ইনস্টল করার সময় সংশ্লিষ্ট অ্যাপের অভ্যন্তরীণ সুবিধা ঠিকভাবে চলার স্বার্থে ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি চাওয়া হয়। ছবি তোলা, ভিডিও কল বা ভয়েস মেসেজ পাঠানোর মতো কাজে এসব অনুমতি প্রয়োজন হলেও অধিকাংশ অ্যাপের ক্ষেত্রেই সেগুলোর অ্যাক্সেস সাময়িকভাবে প্রয়োজন হয়। অথচ একবার অনুমতি দেওয়ার পর ব্যবহার বন্ধ করে দিলেও অনেক সময় অ্যাপগুলো ব্যবহারকারীর অজান্তেই ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের সুযোগ পেতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে। তাই ফোনে কোন কোন অ্যাপ এসব সুবিধা ব্যবহারের অনুমতি পেয়েছে, তা যাচাই করে অপ্রয়োজনীয় প্রবেশাধিকার বন্ধ রাখা জরুরি।

অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে যাচাই করবেন

অ্যান্ড্রয়েড ফোনে কোন কোন অ্যাপে ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেয়া আছে, তা দেখতে প্রথমে ‘সেটিংস’ থেকে ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অথবা ‘প্রাইভেসি’ মেনুতে যেতে হবে। এরপর ‘পারমিশন ম্যানেজার’ নির্বাচন করে ‘ক্যামেরা’ অপশনে ট্যাপ করলে অনুমতিপ্রাপ্ত অ্যাপগুলোর তালিকা সামনে আসবে। একইভাবে ‘মাইক্রোফোন’ নির্বাচন করেও সংশ্লিষ্ট অ্যাপের তালিকা পাওয়া যাবে। কোনও অ্যাপে এসব সুবিধা ব্যবহারের প্রয়োজন না থাকলে সেটি নির্বাচন করে ‘ডোন্ট অ্যালাও’ অপশন বেছে নিতে হবে। ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে সেটিংসের নাম বা অবস্থানে কিছুটা পার্থক্য থাকতে পারে। এছাড়া অ্যান্ড্রয়েড ১২ বা পরবর্তী সংস্করণে ‘প্রাইভেসি ড্যাশবোর্ড’ সুবিধার মাধ্যমে কোন অ্যাপ কখন ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করেছে, তা দেখা যায়। এ জন্য সেটিংসের প্রাইভেসি বিভাগ থেকে ‘প্রাইভেসি ড্যাশবোর্ড’ খুলে ক্যামেরা বা মাইক্রোফোন নির্বাচন করতে হবে। এতে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট সুবিধা ব্যবহার করা অ্যাপের তথ্য পাওয়া যাবে।

আইফোনে অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ

আইফোনে এ কাজের জন্য ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যেতে হবে। সেখানে ‘ক্যামেরা’ নির্বাচন করলে যেসব অ্যাপ ক্যামেরা ব্যবহারের অনুমতি চেয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। একইভাবে ‘মাইক্রোফোন’ অপশনে গেলে মাইক্রোফোন ব্যবহারের অনুমতিপ্রাপ্ত অ্যাপগুলোর তালিকা পাওয়া যাবে। প্রতিটি অ্যাপের পাশের সুইচ বন্ধ করে সংশ্লিষ্ট অনুমতি প্রত্যাহার করা সম্ভব। 

ক্যামেরা বা মাইক্রোফোন চালু হলে বুঝবেন যেভাবে

ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহৃত হলে পর্দায় বিশেষ সংকেত দেখা যায়। অ্যান্ড্রয়েড ১২ বা পরবর্তী সংস্করণে পর্দার ওপরের ডান দিকে সবুজ সংকেত দেখা যায়। সেটিতে ট্যাপ করলে কোন অ্যাপ বা সেবা ক্যামেরা কিংবা মাইক্রোফোন ব্যবহার করছে, তা জানা যায়। আইফোনে ক্যামেরা ব্যবহারের সময় সবুজ এবং শুধু মাইক্রোফোন ব্যবহারের সময় কমলা রঙের সংকেত দেখা যায়।

তবে সব অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি বন্ধ করলে কিছু সুবিধা ঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই প্রতিটি অ্যাপের প্রয়োজন বিবেচনা করে অনুমতি নির্ধারণ করাই ভালো।