আইফোন ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে মাত্র ৫ গিগাবাইট আইক্লাউড স্টোরেজ দিয়ে থাকে অ্যাপল। ছবি-ভিডিও, টেক্সট মেসেজ, ই-মেইল, ডিভাইসের ব্যাকআপ ফাইলসহ বিভিন্ন অ্যাপের তথ্য একই জায়গায় সেভ হওয়ায় সাধারণত অল্প সময়েই এ জায়গা পূর্ণ হয়ে যায়। আইক্লাউডের স্টোরেজ শেষ হলে নতুন ছবি ও ভিডিও ক্লাউডে আপলোড, ডিভাইসের ব্যাকআপ এবং আইক্লাউডের বিভিন্ন সেবার তথ্য আপডেট কড়তে সমস্যা হয়। তবে বাড়তি স্টোরেজ কেনার আগে অপ্রয়োজনীয় ফাইল ও তথ্য মুছে জায়গা খালি করা সম্ভব।
জায়গা ব্যবহার দেখবেন যেভাবে
প্রথমে আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করতে হবে। এরপর ‘আইক্লাউড’ নির্বাচন করে স্টোরেজ বা ম্যানেজ অ্যাকাউন্ট স্টোরেজ অপশনে গেলে কোন অ্যাপ বা ফাইল কতটুকু জায়গা দখল করে আছে, তার তালিকা দেখা যাবে। সাধারণত ছবি, মেইল, ডিভাইসের ব্যাকআপ, আইক্লাউড ড্রাইভ ও মেসেজ বেশি জায়গা ব্যবহার করে। এ ছাড়া রিকমেন্ডেড ফর ইউ অপশন থেকে অপ্রয়োজনীয় বড় ফাইল, ছবি ও পুরোনো ব্যাকআপ মুছে ফেলার পরামর্শও পাওয়া যায়।
ছবি, ভিডিও ও পুরোনো ব্যাকআপ মুছুন
আইক্লাউডে জায়গা খালি করতে প্রথমে ছবি ও ভিডিওর তালিকা পর্যালোচনা করা যেতে পারে। সাধারণত ছবির তুলনায় ভিডিও বেশি জায়গা দখল করে। অপ্রয়োজনীয় ভিডিও ও একই ছবির একাধিক কপি মুছে ফেললে দ্রুত আইক্লাউডের জায়গা খালি করা সম্ভব। তবে প্রয়োজনীয় ছবি মুছে ফেলার পরিবর্তে সেগুলো গুগল ফটোজে স্থানান্তর করা কিংবা কম্পিউটারের বাহ্যিক হার্ডড্রাইভ বা এসএসডিতে সংরক্ষণ করা যেতে পারে।
পুরোনো আইফোন বা আইপ্যাডের ব্যাকআপও অনেক জায়গা দখল করতে পারে। সেটিংস থেকে নিজের নামের ওপর ট্যাপ করে আইক্লাউড থেকে স্টোরেজ বিভাগে গিয়ে ব্যাকআপস অপশনে থাকা অব্যবহৃত ডিভাইসের ব্যাকআপ মুছে ফেলা যাবে। একইভাবে সেভড টু আইক্লাউড তালিকায় গিয়ে যেসব অ্যাপ আর ব্যবহার করা হয় না, সেগুলোর আইক্লাউডে তথ্য সংরক্ষণের সুবিধা বন্ধ করা যায়। তবে এতে সংশ্লিষ্ট অ্যাপের কিছু সুবিধা অকার্যকর হয়ে যেতে পারে।
মেসেজ ও মেইলের অপ্রয়োজনীয় তথ্য সরান
আইমেসেজে পুরোনো টেক্সট ও ভিডিও সেভ করা থাকলেও আইক্লাউডের জায়গা কমে যায়। এ জন্য মেসেজের সেটিংসে গিয়ে কিপ মেসেজেস অপশন থেকে টেক্সট মেসেজ সংরক্ষণের সময়সীমা ৩০ দিন বা এক বছর নির্ধারণ করা যায়। এতে নির্ধারিত সময়ের পুরোনো টেক্সট মেসেজ ও সংযুক্ত ফাইল বা অ্যাটাচমেন্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। আইক্লাউড মেইলে বড় অ্যাটাচমেন্ট মুছে ফেলার পাশাপাশি ট্র্যাশ, জাঙ্ক ও ডিলিটেড ফোল্ডারও নিয়মিত খালি করা উচিত।
মুছে ফেলা ফাইলের তালিকা পরীক্ষা করুন
ছবি, মেইল, আইক্লাউড ড্রাইভ ও নোটসের রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে মুছে ফেলা তথ্য সাধারণত ৩০ দিন পর্যন্ত থাকে। মুছে ফেলা ফাইল পুনরুদ্ধারের সুযোগ থাকলেও রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে থাকা তথ্য স্থায়ীভাবে সরিয়ে না ফেলা পর্যন্ত সেগুলো স্টোরেজের জায়গা দখল করে রাখতে পারে। তাই প্রয়োজনীয় ফাইল অন্য কোথাও সেভ করে এ ফোল্ডারগুলোও খালি করা উচিত। তবে আইক্লাউডে সিঙ্ক করা কোনও ছবি বা ভিডিও একটি ডিভাইস থেকে মুছে ফেললে একই অ্যাকাউন্টে যুক্ত অন্য ডিভাইস থেকেও তা মুছে যাবে।