গুগল সার্চে কোনও বিষয়ে তথ্য খোঁজার পর একই প্রসঙ্গে আরও প্রশ্নের উত্তর জানতে চাইলে অনেক সময় আগের অনুসন্ধানে ফিরে যেতে হয়। এ কাজ সহজ করতে সার্চের হোমপেজের নকশায় পরিবর্তন আনছে গুগল। নতুন নকশায় ডেস্কটপ সংস্করণের এআই মোডে যুক্ত হচ্ছে সাইডবার, যেখানে ব্যবহারকারীরা আগের অনুসন্ধানের তালিকা দেখতে পারবেন। ফলে পুরোনো অনুসন্ধান থেকে সহজেই নতুন প্রশ্ন করা এবং একই বিষয়ে ধারাবাহিকভাবে আরও তথ্য খোঁজা যাবে।
নতুন সাইডবারটি মূলত গুগল সার্চের জেমিনাই-চালিত এআই মোড ব্যবহারের সময় দেখা যাবে। এআই মোডের সার্চ উইন্ডোর বাঁ দিকে ক্লিক করলেই সাইডবারটির দেখা মিলবে। সেখানে ব্যবহারকারীর সাম্প্রতিক অনুসন্ধানগুলোর তালিকা দেখা যাবে। তালিকায় কেবল এআইয়ের মাধ্যমে করা অনুসন্ধান নয়, সাধারণ সার্চের বিষয়গুলোও থাকবে। ফলে আগে কোন বিষয়ে তথ্য খোঁজা হয়েছিল, তা সহজে মনে করা এবং প্রয়োজনে সেই অনুসন্ধানে ফিরে যাওয়া যাবে। তালিকার কোনও বিষয় নির্বাচন করলে সেটি নিয়ে নতুন করে এআই মোডের সার্চ উইন্ডো খুলবে। চাইলে সাইডবারের ওপরের ডান দিকে থাকা বন্ধ করার অপশনে ক্লিক করে এটি সরিয়েও রাখা যাবে।
গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, বিশ্বজুড়ে ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন সাইডবার চালু করা হচ্ছে। তার ভাষ্য, ব্যবহারকারীরা এমন অনেক প্রশ্ন নিয়ে সার্চ করেন, যেগুলোর উত্তর একবার সার্চ করে পাওয়া সম্ভব নয়। কোনও বিষয় নিয়ে আরও জানতে পরপর একাধিক প্রশ্ন করতে হয়। পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, আগের সার্চ হিস্ট্রিগুলো সহজে খুঁজে পাওয়ার সুযোগ থাকলে একই বিষয়ে আরও অনুসন্ধান চালানো এবং ওয়েব ঘেঁটে তথ্য জানার কাজ সহজ হয়।
তবে নতুন সুবিধাটি আপাতত গুগল সার্চের সব ব্যবহারকারীর জন্য চালু হচ্ছে না। এটি শুধু এআই মোডে অনুসন্ধানের সময় ব্যবহার করা যাবে। এআই মোড ব্যবহার না করে প্রচলিত পদ্ধতিতে সার্চ করেন, তাদের কাছে নতুন সাইডবারটি দেখা যাবে না। ফলে সাধারণ সার্চের ফলাফল প্রদর্শনের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে না।
এদিকে এআই সার্চের প্রসারে গুগলের বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরাও। প্রচলিত সার্চের তুলনায় এআই মোডে প্রতিটি অনুসন্ধান থেকে কম আয় হওয়ায় প্রতিষ্ঠানটির আয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য এক দিনেই প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে যায়। সার্চ থেকে আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং এআই খাতে বিপুল বিনিয়োগের তুলনায় প্রত্যাশিত মুনাফা না আসার আশঙ্কাও এ পতনের পেছনে ভূমিকা রেখেছে।
তবে চ্যাটজিপিটি ও ক্লডের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এআই সার্চের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চালিয়ে যাচ্ছে গুগল। সর্বশেষ তৃতীয় প্রান্তিকের আয়বিষয়ক সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, এআই খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ কোনও স্বল্পমেয়াদি সিদ্ধান্ত নয়, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। অর্থাৎ, তাৎক্ষণিক আয়ের চেয়ে ভবিষ্যতে এআই প্রযুক্তির সম্ভাবনা ও সার্চে নিজেদের অবস্থান ধরে রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই
রাতারাতি কোটিপতি হয়ে গেলেনে যে প্রতিষ্ঠানের সকল কর্মী