যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে (ওডিএনআই) সম্প্রতি একটি সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে সংস্থা দুটির কিছু অগোপন (আনক্লাসিফায়েড) তথ্য ফাঁস হয়ে গেছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সর্বপ্রথম এই সাইবার হামলার খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুপ্রবেশের ফলে এমন একটি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মূলত জনসমক্ষে থাকা অগোপন নথিপত্র থেকে গোয়েন্দা তথ্য বা সূত্র বিশ্লেষণের কাজে ব্যবহৃত হতো।
ঠিক কোন ধরনের অগোপন তথ্য হাতছাড়া হয়েছে তা স্পষ্ট না হলেও, এই সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার তথ্যও ফাঁস হয়েছে বলে ধারণা করছে নিউ ইয়র্ক টাইমস। তবে কীভাবে এই সাইবার অনুপ্রবেশ ঘটানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওডিএনআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তাদের গুরুত্বপূর্ণ সক্ষমতা বা অতিগোপনীয় (ক্লাসিফায়েড) সিস্টেমে কোনও ধরনের বিঘ্ন ঘটেনি।
যুক্তরাষ্ট্রের সরকারি দফতরগুলোতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক প্রযুক্তিগত বিভ্রাট এবং সাইবার নিরাপত্তা লঙ্ঘনের সর্বশেষ সংযোজন এটি। এর আগে দেশটির কৃষি বিভাগে তথ্য ফাঁসের খবর পাওয়া গিয়েছিল। এছাড়া সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোতে (এফবিআই) দুটি পৃথক সাইবার হামলার তথ্য প্রকাশ্যে এসেছে এবং পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও সাম্প্রতিক সাইবার হামলার কবলে পড়েছে।
সূত্র: রয়টার্স