এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করার সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তার উদ্বেগ দূর করতে তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কথা বলেছেন এবং হুয়াংয়ের প্রত্যাবর্তনকে জোরালোভাবে সমর্থন করেছেন।

যুক্তরাষ্ট্রের জন্য এনভিডিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি পরিচালনা পর্ষদের সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার অবস্থান ছিল অত্যন্ত দৃঢ়।

সিএনবিসিকে ট্রাম্প জানান, সিদ্ধান্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পর হুয়াংয়ের সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেন, আমি তাকে ফোন করে বলেছি, জেনসেন, আমি তোমাকে একটিই কাজ করতে বলব, কঠোর পরিশ্রম করো।

এর আগে সোমবার এনভিডিয়া এক বিবৃতিতে জানায়, তাদের পরিচালনা পর্ষদ মার্কিন সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রয়োজনীয় তথ্য ও আশ্বাস পেয়েছে এবং তারা নিশ্চিত যে হুয়াংকে পুনর্বহাল করা হলে জাতীয় নিরাপত্তার কোনও ঝুঁকি তৈরি হবে না। ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করে বলেন, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন এক নারীর সঙ্গে হুয়াংয়ের কথিত সম্পর্কের অভিযোগ থাকা সত্ত্বেও তার প্রশাসন কোম্পানিকে আশ্বস্ত করেছে যে হুয়াং কোনও নিরাপত্তা ঝুঁকি নন। ট্রাম্পের ভাষায়, পরিচালনা পর্ষদ জানতে চেয়েছিল কোনও জাতীয় নিরাপত্তার সমস্যা আছে কি না। দীর্ঘ গবেষণার পর... আমরা বলেছি, না, কোনও সমস্যা নেই।

তার হস্তক্ষেপ ছাড়া হুয়াং ফিরতে পারতেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি আমার হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানান, বিতর্কের জেরে শেয়ারের দরপতনের পর চাপের মুখে থাকা পরিচালনা পর্ষদকে তিনি তাদের আগের অবস্থান থেকে সরে আসতে রাজি করিয়েছেন। ট্রাম্পের মতে, দেড় সপ্তাহ আগের তুলনায় পর্ষদ সদস্যরা এখন তার যুক্তির প্রতি অনেক বেশি ইতিবাচক ছিলেন।

শেয়ার বাজারের পতন তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে স্বীকার করলেও ট্রাম্প এনভিডিয়ার দীর্ঘমেয়াদী গুরুত্বকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, শুরুতে তিনি অ্যাপলের সাবেক সিইও টিম কুককে এনভিডিয়ার দায়িত্বে আনার সম্ভাবনাকে সমর্থন করেছিলেন, কিন্তু পরে হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষেই অবস্থান নেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় টিম শেয়ার বাজার চাঙ্গা করতে সাহায্য করতেন, কিন্তু এখন যেভাবে শেয়ারের দাম ঘুরে দাঁড়াচ্ছে, তা অন্য কারও পক্ষে সম্ভব হতো না।

উল্লেখ্য, হুয়াংয়ের ফেরার ঘোষণার পর সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এছাড়া হুয়াং এনভিডিয়া ছাড়লে চীন তাকে নিজেদের দলে ভেড়ানোর সুযোগ পেত বলেও যুক্তি দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা যদি এটি না করতাম, তবে চীন এগিয়ে এসে জেনসেনকে বলত, চীনে চলে আসুন এবং আমাদের কোনও কোম্পানির নেতৃত্ব দিন।

এদিকে, এনভিডিয়ার নেতৃত্ব নির্বাচনে প্রেসিডেন্টের এমন হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন বলেছেন, হুয়াংকে ফেরাতে প্রশাসনের প্রচেষ্টা এনভিডিয়ার উপেক্ষা করা উচিত ছিল। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর রুবেন গালেগো শেয়ার বাজারকে চাঙ্গা রাখতে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগ তুলেছেন ট্রাম্পের বিরুদ্ধে।

সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রশাসন, হুয়াং এবং এনভিডিয়ার অন্যান্য নির্বাহীদের যেকোনও অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করবে। তবে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্বেগের বিষয়ে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তার সঙ্গে কথা বলার পর তারা তার অবস্থানকে সমর্থন করবেন। নিজের এই পদক্ষেপের সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি দেশের ভালোর জন্যই এটি করছি।

/এসএইচএম/
সম্পর্কিত
আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে
তিন মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন তেলের দাম
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাসহ চারজনকে ৭৪ বেত্রাঘাত
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাসহ চারজনকে ৭৪ বেত্রাঘাত
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ