প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার

বিশ্বের প্রথম ইউটিউব কনটেন্ট নির্মাতা হিসেবে চ্যানেলে ১০ লাখ পেইড মেম্বার বা অর্থ প্রদানকারী সাবস্ক্রাইবার অর্জনের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় কৌতুক অভিনেতা সময় রায়না। ইউটিউব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিরল অর্জনের কথা নিশ্চিত করেছে।

গুগল ইন্ডিয়া ব্লগের এক পোস্টে ইউটিউব জানায়, দাবাবিষয়ক ভিডিও, গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে মজার আড্ডা এবং জনপ্রিয় অনলাইন শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর মাধ্যমে সময় রায়না তার চ্যানেলটিকে কোটি মানুষের ভার্চুয়াল আড্ডায় পরিণত করেছেন।

ইউটিউবের তথ্য অনুযায়ী, ভারতীয় দর্শকদের মধ্যে প্রিয় নির্মাতাদের বিশেষ কনটেন্টের জন্য অর্থ ব্যয় করার প্রবণতা দ্রুত বাড়ছে। কেবল ২০২৬ সালের জুন মাসেই ভারতে ১২ লাখের বেশি দর্শক অন্তত একটি চ্যানেলের মেম্বারশিপ কিনেছেন এবং এ খাত থেকে ভারতীয় নির্মাতাদের আয় বছরে ২৫ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে সময় রায়নার চ্যানেলে মাসে ৫৯ রুপি, ৫৯৯ রুপি এবং ১ হাজার ৯৯৯ রুপির তিনটি পেইড মেম্বারশিপ স্তর রয়েছে।

বিতর্ক থেকে রাজসিক প্রত্যাবর্তন

সময় রায়নার এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোয়ের একটি পর্বে পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে সময় রণবীর, সময় রায়না ও অতিথিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ক্ষমা চেয়ে নিজের ইউটিউব চ্যানেল থেকে শোয়ের সব পর্ব সরিয়ে নিয়েছিলেন রায়না।

তবে খুব বেশি দিন আড়ালে থাকেননি তিনি। ‘স্টিল অ্যালাইভ’ নামক স্ট্যান্ড-আপ কমেডি স্পেশালের মাধ্যমে দারুণভাবে ফিরে আসেন এই কৌতুক অভিনেতা। এরপর ২০২৬ সালে নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে বিতর্কিত সেই শোয়ের দ্বিতীয় সিজনও নিয়ে আসেন।

দ্বিতীয় সিজনের ফিনালেতে নিজের কঠিন সময়ের স্মৃতিচারণ করে রায়না জানান, কানাডায় থাকাকালীন তিনি চরম হতাশায় ভুগছিলেন। সে সময় শোটি আদৌ ফিরবে কি না তা জানতে তিনি চ্যাটজিপিটিকেও প্রশ্ন করতেন। রায়না বলেন, আমি চ্যাটজিপিটিকে লিখতাম ‘দয়া করে হ্যাঁ বলো’। শোটি যে এভাবে ফিরে আসবে, তা আমি কল্পনাও করিনি। বর্তমানে ইউটিউবে ১ কোটি ২৪ লাখের বেশি সাবস্ক্রাইবার নিয়ে ভারতের ক্রিয়েটর ইকোনমিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সময় রায়না।

সূত্র: ইন্ডিয়া টুডে