‘দেশের তরুণরা বিশ্বের ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশের তরুণরা শুধু দেশের সাইবার স্পেসই নয়, বিশ্বের ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি অডিটোরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের ডিজিটাল লিটারেসি সেন্টারের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অনেক তরুণ উদ্যোক্তা ইন্টারনেটের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিকে ডিজিটাল অর্থনীতি হিসেবে গড়ে তুলেছেন। তাই তাদের মতামত, পরামর্শ ও সুপারিশগুলো আমাদের কর্মকাণ্ডে যেন প্রতিফলিত হতে পারে, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’

এর আগে ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ উপলক্ষে প্যানেল আলোচনায় ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ মুখার্জী, গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আজমান, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, রবি’র পরিচালক শাহেদ আলম, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম অংশগ্রহণ করেন।

পরে প্রতিমন্ত্রী www.digitalliteracy.gov.bd ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করেন।