তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২০২১-২২ অর্থবছরের মার্চ মাসের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভা বুধবার (৬ এপ্রিল) আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্ত এবং জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
প্রসঙ্গত, চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ৩টি কারিগরিসহ ৩১টি প্রকল্পের জন্য বরাদ্দ ১ হাজার ৩০৫ কোটি ৪৭ লাখ টাকা। সভায় জানানো হয়, আইসিটি বিভাগের প্রকল্পসগুলোর মার্চ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে অগ্রগতি ৭৪ দশমিক ৫১ শতাংশ। প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রকল্প পরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।