কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত সহকারী ‘ডট’- কে এবার সরাসরি মেসেজ পাঠিয়ে কাজের নির্দেশনা দেওয়ার সুবিধাটি চালু করেছে চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট মেসেজের পাশাপাশি ছবি ও ভয়েস মেমো পাঠিয়েও ডটকে কাঙ্ক্ষিত কাজ বুঝিয়ে দিতে পারবেন। এমনকি আগে থেকে দেওয়া কোনো কাজের অগ্রগতি বা প্রয়োজনীয় তথ্য জানাতেও ডট নিজে থেকে মেসেজ পাঠাতে পারবে। তবে প্রাথমিক পর্যায়ে সুবিধাটি যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির প্রো সাবস্ক্রাইবারদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে ডট এআই এজেন্ট চালুর সময় ওপেনএআই জানিয়েছিল, ভবিষ্যতে মেসেজের মাধ্যমে এজেন্টটির সঙ্গে যোগাযোগের সুবিধা যুক্ত করা হবে। এবার সেই পরিকল্পনারই বাস্তবায়ন শুরু হয়েছে। ডটকে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার চ্যাটবট নয়, বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করা এবং নির্দিষ্ট বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য জানানোর এআই সহকারী হিসেবে তৈরি করা হয়েছে। ডটে নতুন এই মেসেজিং সুবিধার ফলে প্রতিবার চ্যাটজিপিটি অ্যাপ খুলে নির্দেশনা দেওয়ার পরিবর্তে সরাসরি মেসেজ পাঠিয়েই এআই অ্যাসিস্ট্যান্টটির সঙ্গে চ্যাট করা যাবে।
নতুন ব্যবস্থায় আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের আইমেসেজ এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা আরসিএস মেসেজিংয়ের মাধ্যমে ডটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুবিধাটি চালু করতে চ্যাটজিপিটি অ্যাপে ডটের প্রোফাইলে গিয়ে ‘টেক্সটিং’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ফোনে আইমেসেজ বা আরসিএস চালু আছে কি না, তা নিশ্চিত করতে হবে। ওপেনএআই জানিয়েছে, মেসেজ আদান-প্রদানের প্রযুক্তিগত সুবিধা দিতে তারা ‘লিংক’ নামের একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
নিরাপত্তার বিষয়ে ওপেনএআই জানিয়েছে, মেসেজিং ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারী শুধু নিজের ডটকে মেসেজ পাঠাতে পারেন এবং ডটও শুধু সংশ্লিষ্ট ব্যবহারকারীকেই মেসেজ পাঠাতে পারে। এ সুবিধাটি চালু থাকা অবস্থায় ব্যবহারকারীর অন্য ব্যক্তিগত মেসেজ পড়ার সুযোগ পাবে না ডট। ব্যবস্থাটির নিরাপত্তা যাচাইয়ে নিজেদের উন্নত এআই মডেলের পাশাপাশি তৃতীয় পক্ষের নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তাও নিয়েছে প্রতিষ্ঠানটি।
ডটের মেসেজিং সুবিধায় চ্যাটজিপিটি অ্যাপে থাকা একই মেমোরি ও প্লাগইন ব্যবহার করা যাবে। ফলে অ্যাপে আগে দেওয়া নির্দেশনা ও সংরক্ষিত প্রাসঙ্গিক তথ্য মেসেজের কথোপকথনেও কাজে লাগবে। তবে আপাতত সুবিধাটি যুক্তরাষ্ট্রের প্রো গ্রাহকদের মধ্যে সীমিত এবং পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অন্য দেশ বা বিনামূল্যের ব্যবহারকারীরা কবে এটি পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি ওপেনএআই।