কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন, চলছে নিবন্ধন

বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। এ আয়োজনে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চলছে, যা শেষ হবে ৮ নভেম্বর।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর মূল সম্মেলন অনুষ্ঠিত হবে। আইএসপিএবির সহ-আয়োজনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এপনিকের মহাপরিচালক জিয়া রং লো।

সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব নাজমুল করিম ভুঁঞা বলেন, আইএসপিএবি তার প্রকৌশলীদের বছরে ৪টি প্রশিক্ষণ দেয়। আমাদের আরও ট্রেনিং সেন্টার দরকার। তাহলে আইএসপিএবি তার প্রকৌশলীদের জন্য প্রতি মাসে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারত। তিনি আরও জানান, দেশের প্রকৌশলীরা দেশ-বিদেশে বিভিন্ন বড় পদে কাজ করছেন এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে।

সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীদের সংস্থাটির ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।