কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী সপ্তাহের সম্মেলনে আলোচনা করবেন ইইউ নেতারা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করবেন। জোটটির শীর্ষ কর্মকর্তা আন্তোনিও কস্তা মঙ্গলবার এ তথ্য জানান। ব্রাসেলস থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের প্রযুক্তিগত নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত জুনে ওয়াশিংটন এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সবচেয়ে শক্তিশালী মডেল ব্যবহারের সুযোগ দুই সপ্তাহের জন্য সব বিদেশি দেশের ক্ষেত্রে বন্ধ করে দেয়। এ ঘটনায় ইউরোপের দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়ে।

আগামী ১৩ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠেয় এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও এআই খাতে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এআই পরিচালনা ও নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, সম্মেলনে ফরাসি এআই প্রযুক্তি প্রতিষ্ঠান মিস্ত্রালের প্রধান আর্থার মেনশও অংশ নেবেন।

মিস্ত্রালকে ইউরোপের শীর্ষ এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। তবে এ প্রতিষ্ঠানটির প্রযুক্তি চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এখনো পিছিয়ে রয়েছে।